ছবি সংগৃহীত
নিউ ইয়র্কের ঐতিহাসিক ‘গোল্ড কোস্ট’-এ অবস্থিত বিখ্যাত ‘ওহেকা ক্যাসেল’ মঙ্গলবার ম্যানহাটনে আয়োজিত এক নিলামে ৭২ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেছে। সাতজন অজ্ঞাতপরিচয় দরদাতার তীব্র প্রতিযোগিতার পর সর্বোচ্চ হাঁকানো ব্যক্তি ভবনটি কিনে নেন।
৪২ বছর আগে আর্থিক মন্দায় পড়ে পরিত্যক্ত ও ধ্বংসপ্রায় এই প্রাসাদটি মাত্র ১.৫ মিলিয়ন ডলারে কিনেছিলেন গ্যারি মেলিয়াস। ১৯১৯ সালে অর্থসংস্থানকারী অটো হারমান কানের তৈরি এই রাজপ্রাসাদটি পুনর্নির্মাণ ও সংস্কারে তিনি কোটি কোটি ডলার ব্যয় করেন। টেলর সুইফটের মিউজিক ভিডিও, অনেক সিনেমা, টিভি শো এবং অসংখ্য রাজকীয় বিয়ের শুটিং স্পট হিসেবে স্থানটি বিশ্বজুড়ে পরিচিতি পায়।
তবে ২০২৫ সালে বিপুল অঙ্কের ঋণের চাপে মেলিয়াস দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হলে প্রাসাদটি নিলামে ওঠে। অনেক বছর ধরে ক্যাসেলের সাথে জড়িয়ে থাকা মেলিয়াসের বিদায়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিকে প্রাসাদের আশেপাশের জমিতে নতুন করে ৯৫টি কনডোমিনিয়াম বা ফ্ল্যাট তৈরির একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, যা এই দরদাতাদের কাছে মূল আকর্ষণ ছিল বলে মনে করা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা ক্যাসেল প্রাঙ্গণে নতুন কোনো বহুতল ভবন নির্মাণের বিরোধিতা করছেন এবং ঐতিহাসিক এই সৌন্দর্য রক্ষার দাবি জানাচ্ছেন।

















