শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

গ্রাহকদের অবস্থান, ব্রাউজিং ইতিহাস

ওয়ালমার্ট ও উবারের কাছে তথ্যের হিসাব দাবি

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ৩০ অক্টোবর ২০২৬

ওয়ালমার্ট ও উবারের কাছে তথ্যের হিসাব দাবি

ছবি সংগৃহীত

গ্রাহকদের অবস্থান, ব্রাউজিং ইতিহাস ও আয়ের মতো ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একক ব্যক্তিভেদে পণ্য বা সেবার ভিন্ন ভিন্ন দাম এবং মজুরি নির্ধারণ করা হচ্ছে কি নাÑতা জানতে ওয়ালমার্ট, উবারসহ ৯টি বড় প্রতিষ্ঠানের কাছে তথ্য তলব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন।

কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে যেসব প্রতিষ্ঠানের কাছে তথ্য চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছেÑটার্গে, লিফট, ডোরড্যাশ, ইনস্টাকার্ট এবং বিমান সংস্থা ডেল্টা, ইউনাইটেড ও জেটব্লু।
আগামী সপ্তাহে মার্কিন কংগ্রেশনাল নির্বাচনের আগে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির উদ্বেগকে সামনে রেখে এফটিসি তাদের ভোক্তা অধিকার সুরক্ষার ক্ষমতা প্রয়োগ করল। অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো গ্রাহকভেদে সর্বোচ্চ মূল্যে পণ্য বিক্রি বা মজুরি নির্ধারণ করছে কি না, তা খতিয়ে দেখে আইনপ্রণেতাদের জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে সংস্থাটি।
বাহ্যিক দৃষ্টিতে এ ধরনের কৌশল শনাক্ত করা কঠিন, কারণ আলাদা গ্রাহককে তাদের স্ক্রিনে আলাদা দাম দেখানো হয়। এটি বন্ধে রাজ্যভিত্তিক আইনি উদ্যোগ নেওয়া হলেও খুচরা বিক্রেতাদের সংগঠন ‘ন্যাশনাল রিটেইল ফেডারেশন’ এর পক্ষে সাফাই গেয়ে বলেছে, এটি কেবল গ্রাহক আনুগত্যের জন্য দেওয়া ছাড়।
তবে এফটিসি প্রধান অ্যান্ড্রু ফার্গুসন সতর্ক করে বলেছেন, গ্রাহকের অজান্তে দামের এমন বৈষম্য করা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন হতে পারে। সংস্থাটিতে আসা শত শত অভিযোগে এটি পুরোপুরি নিষিদ্ধের দাবি জানানো হলেও, এফটিসি জানিয়েছে যে সরাসরি এটি বন্ধ করার একক এখতিয়ার তাদের নেই।
অভিযোগের জবাবে জেটব্লু এবং ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা কোনো গ্রাহকের ব্যক্তিগত তথ্য বা ব্রাউজিং ইতিহাস দেখে টিকিটের দাম নির্ধারণ করে না; বরং আসন সংখ্যা ও চাহিদার ওপর ভিত্তি করেই সবার জন্য সমান দাম নির্ধারণ করা হয়।
 

শেয়ার করুন: