ছবি সংগৃহীত
এফবিআই অভিযান চালানোর মাত্র কয়েক ঘণ্টার মাথায় বেভারলি হিলসে নিজের ২৬ মিলিয়ন ডলারের বিলাসবহুল বাসভবনের সামনে দেখা গেছে মার্কিন কোটিপতি স্টিফেন ক্লুবেককে। সাবেক মার্কিন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের প্রাক্তন এই অস্থায়ী আবাসে অভিযানের সময় দুই ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হতে দেখা যায় ‘টাইমশেয়ার’ ব্যবসায়ী ক্লুবেককে।
প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানান, একাধিক যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে তদন্তাধীন সোয়ালওয়েল এবং এক যৌনকর্মীর সাথে সম্পর্কিত একটি মামলার জেরেই ক্লুবেকের বাড়িতে এই তল্লাশি চালানো হয়েছে। অভিযানকালে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এজেন্টদের বাড়ি থেকে বিভিন্ন আলামত ও সার্ভার জব্দের প্রক্রিয়া চালাতে দেখা যায়।
উল্লেখ্য, ক্লুবেক সাবেক কংগ্রেস সদস্য সোয়ালওয়েলের অন্যতম বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনি সোয়ালওয়েলের রাজনীতি ও নির্বাচনী প্রচারে ১০ লাখ ডলারের বেশি অর্থ সহায়তা এবং ব্যক্তিগত বাসভবনে থাকার সুযোগ দিয়েছিলেন। তবে সোয়ালওয়েলের বিরুদ্ধে একাধিক নারী ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলার পর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। প্রতারিত বোধ করায় ক্লুবেক পরবর্তীতে তাকে বাড়ি থেকে বের করে দেন এবং তার সমর্থন প্রত্যাহার করেন।
সোয়ালওয়েল বর্তমানে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার একাধিক প্রসিকিউটরের অধীনে তদন্তাধীন রয়েছেন। লস অ্যাঞ্জেলেস জেলা অ্যাটর্নির কার্যালয় লোনা ড্রুস নামের এক নারীর দায়ের করা ধর্ষণ মামলার ভিত্তিতে এই সাবেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত পর্যালোচনা করছে।

















