শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জাতিসংঘ সাধারণ  পরিষদের সভাপতি  পদে পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস

প্রকাশিত: ১৭:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

জাতিসংঘ সাধারণ  পরিষদের সভাপতি  পদে পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। এ পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইউরোপের দেশ সাইপ্রাস। আলোচনায় থাকা যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ জুন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পর বাকিদের সঙ্গে তিনিও পদত্যাগ করেন। ফলে তার পরিবর্তে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ। ড. খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। এর আগে ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে এবার সভাপতি নির্বাচন করা হবে।
৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে ফিলিস্তিনকে আসন ছেড়ে দেয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ফিলিস্তিনের দাবি, কয়েকটি দেশের কূটনৈতিক চাপে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম অধিবেশনে সহসভাপতির দায়িত্ব পালন করে বাংলাদেশ। প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করা দেশটি।
এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী।
বাংলাদেশের পাশাপাশি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিস।
 

শেয়ার করুন: