ছবি সংগৃহীত
চুরি করা গিফট কার্ড দিয়ে কেনাকাটার সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর ডাকঘরের চিঠি থেকে লটারি টিকিট ও উপহার চুরির দায় স্বীকার করেছেন লং আইল্যান্ডের এক ডাককর্মী।
সাফোক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রে টিয়ার্নি জানান, প্রায় এক বছর আগে ওকডেল পোস্ট অফিসে কর্মরত ম্যাস্টিক বিচের বাসিন্দা জোভান্নি জেমিসন-লুইস (৩৬) ডাকের স্তূপ ঘেঁটে শুভেচ্ছা কার্ডের ভেতর থেকে স্ক্র্যাচ-অফ লটারি টিকিট ও গিফট কার্ড বের করে নিতেন এবং খালি কার্ডগুলো আবার খামে ভরে পাঠিয়ে দিতেন। টিয়ার্নি বলেন, ‘মানুষ নিরাপদে চিঠি পৌঁছে দেওয়ার জন্য ডাক বিভাগের ওপর ভরসা রাখে; খাম খুলে ভেতরের জিনিস চুরি করার জন্য নয়।’
ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় অন্তত সাতজন ভুক্তভোগীকে শনাক্ত করেছে। ২০২৫ সালের ১৯ নভেম্বর তিনি একটি ১৭৫ ডলারের টিজে ম্যাক্স গিফট কার্ড ও তিনটি লটারি টিকিট চুরি করেন এবং পরদিন ওই কার্ড দিয়ে পোশাক, গয়না ও হ্যান্ডব্যাগ কেনার সময় দোকানের ক্যামেরায় ধরা পড়েন।
কয়েক দিন পর চুরি করা চারটি চিঠিসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার গাড়ি থেকে আরো ২০টি চোরাই চিঠিসহ প্রায় ৮০০ ডলার মূল্যের গিফট কার্ড উদ্ধার করে পুলিশ।
গত সপ্তাহে জেমিসন-লুইস চুরি ও চোরাই মাল রাখার দায়ে আদালতে দোষ স্বীকার করেছেন। আগামী ১১ জানুয়ারি তার সাজা ঘোষণা করা হবে।

















