ছবি সংগৃহীত
আয় বৃদ্ধির তুলনায় স্বাস্থ্যসেবা ও জ্বালানি ব্যয় দ্রুত বাড়তে থাকায় ২০৩০ সালে নিউ ইয়র্ক সিটির গণপরিবহন ব্যবস্থা প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের বাজেট ঘাটতির আশঙ্কা করছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম গণপরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) বুধবার ২০২৭ সালের জন্য ২,২৯০ কোটি (২২.৯ বিলিয়ন) ডলারের একটি প্রস্তাবিত পরিচালনা বাজেট প্রকাশ করেছে, যেখানে ব্যয় বাড়ার ফলে ভবিষ্যৎ ঘাটতির চিত্র উঠে এসেছে।
বুধবার সংস্থার বোর্ড সভায় উপস্থাপিত বাজেট পরিকল্পনায় ২০৩০ সালে ৮০ কোটি ডলার ব্যয় সংকোচনের পাশাপাশি ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল ৪ শতাংশ বাড়ানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এমটিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যানো লিবার জানান, খরচ কমিয়ে বর্তমানে প্রতি বছর ৬০ কোটি ডলার সাশ্রয় করা হচ্ছে এবং পরিকল্পনা মেয়াদে তা ৮০ কোটি ডলারে উন্নীত করা হবে। তবে ২০২৭ সাল থেকেই জ্বালানি, কর্মীদের স্বাস্থ্যসেবা ও শ্রম ব্যয় বৃদ্ধির প্রভাব স্পষ্ট হতে শুরু করবে।
বাজেট নথি অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সংস্থাটির স্বাস্থ্যসেবা ব্যয় প্রায় ৫০ শতাংশ বা ১৩০ কোটি ডলার বাড়বে এবং জ্বালানি ও বিদ্যুৎ খরচ বাড়বে ২১ শতাংশ। বর্তমানে আড়াই লক্ষাধিক কর্মী, অবসরপ্রাপ্ত ও তাদের নির্ভরশীলদের স্বাস্থ্যবিমা সুবিধা দিতে গিয়ে সক্রিয় কর্মীপ্রতি গড়ে ৩০ হাজার ডলার ব্যয় হচ্ছে, যা প্রতি বছর ৭ শতাংশ হারে বাড়ছে। এ ছাড়া আইনি দাবি, প্রতিবন্ধীদের পরিবহন সেবা এবং নগর কর্তৃপক্ষের কাছ থেকে বাস সেবার ভর্তুকি বাবদ ২০ কোটি ডলার কমে যাওয়াও চাপ সৃষ্টি করছে।
অন্যদিকে, কর্মীদের অনুপস্থিতি ও অসুস্থতাজনিত ছুটি (সিক লিভ) সংস্থাটির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ৯ শতাংশ বাসচালক বছরে ৫০ দিনের বেশি অসুস্থতাজনিত ছুটি নেওয়ায় চালক সংকটে এ বছর ১ লাখ ১৮ হাজারের বেশি বাস ট্রিপ বাতিল করতে হয়েছে। এ ছাড়া প্রায় অর্ধেক বাসযাত্রী ভাড়া ফাঁকি দেওয়ায় ২০৩০ সাল নাগাদ ভাড়া বাবদ আয়ের পূর্বাভাস ২৫ কোটি ৭০ লাখ ডলার কমানো হয়েছে; ওই বছর ভাড়া থেকে ৬১৪ কোটি ডলার আয়ের আশা করা হলেও তা ২০১৯ সালের (৬৩৫ কোটি ডলার) তুলনায় কম।
এর পাশাপাশি অর্থনৈতিক মন্থরতায় কর রাজস্ব কমে যাওয়া, প্রত্যাশার চেয়ে বেশি বেতন বৃদ্ধি এবং সুদের হার বাড়লে ঋণের খরচ বেড়ে যাওয়ার মতো অতিরিক্ত আর্থিক ঝুঁকির মুখেও রয়েছে এমটিএ।

















