ছবি সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতির কঠোর প্রয়োগের ফলে যুক্তরাষ্ট্রে এশীয় অভিবাসীদের আটক, গ্রেফতার ও বিতাড়নের (ডিপোর্টেশন) হার নজিরবিহীনভাবে বেড়েছে। মঙ্গলবার অমুনাফামূলক সংস্থা ‘স্টপ এএপিআই হেট’ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সংস্থাটির ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ট্র্যাকার’ অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৬ আগস্ট পর্যন্ত ৯,৯০০-র বেশি এশীয় অভিবাসীকে বিতাড়িত করা হয়েছে, যা দেশজুড়ে ১,১০০ শতাংশ বৃদ্ধির নির্দেশক। এই সময়ে অন্তত ২১,৪৮০ জন এশীয় অভিবাসীকে গ্রেপ্তার (৪৩৬ শতাংশ বৃদ্ধি) এবং ১৯,১৪৮ জনকে আটক (৫১২ শতাংশ বৃদ্ধি) করা হয়েছে। এ ছাড়া বাইডেন প্রশাসনের তুলনায় প্রায় ৯৪২ শতাংশ বেড়ে প্রায় ২০০ জন এশীয় অভিবাসীকে এমন ‘তৃতীয় দেশে’ পাঠানো হয়েছে, যেখানে তাদের কোনো সংযোগ নেই বা যেখানে তারা নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন।
ভারতীয় ও চীনা নাগরিকরা শীর্ষে; ভুক্তভোগী শরণার্থী সম্প্রদায়ও বিতাড়িত ও গ্রেপ্তার হওয়া এশীয়দের মধ্যে ২৯ শতাংশই ভারতের এবং ২৫ শতাংশ চীনের নাগরিক; এর পরপরই রয়েছে ভিয়েতনাম, উজবেকিস্তান ও লাওস। তবে ঐতিহাসিকভাবে শরণার্থী হিসেবে আসা লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভুটানের অভিবাসীরা আনুপাতিক হারে অনেক বেশি গ্রেফতারের শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্রে অ-নাগরিক এশীয় জনসংখ্যার মাত্র ০.৬ শতাংশ লাওসের নাগরিক হলেও মোট গ্রেপ্তারের প্রায় ৫ শতাংশই এই সম্প্রদায়ের।
ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ ইয়র্ক ও ওকলাহোমায় সর্বাধিক গ্রেফতার মোট গ্রেফতারের প্রায় অর্ধেকই ঘটেছে তিনটি অঙ্গরাজ্যেÑক্যালিফোর্নিয়ায় ২৫ শতাংশ, টেক্সাসে ১৩ শতাংশ এবং নিউ ইয়র্কে ৯ শতাংশ। তবে ওকলাহোমা অঙ্গরাজ্যে অ-নাগরিক এশীয় জনসংখ্যার তুলনায় গ্রেফতারের হার প্রায় নয় গুণ বেশি; সেখানে ‘অপারেশন গার্ডিয়ান’-সহ বিভিন্ন অভিযানে ২,৭০০-এর বেশি এশীয় অভিবাসী গ্রেফতার হয়েছেন।
কোভিড মহামারির মতোই বাড়ছে এশীয়-বিদ্বেষ সংস্থাটির জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি এশীয় (যাদের মধ্যে মার্কিন নাগরিকরাও রয়েছেন) জানিয়েছেন, অভিবাসীবিরোধী এই পরিবেশের নেতিবাচক প্রভাব তাদের ওপর পড়ছে। প্রায় ৩০ শতাংশ উত্তরদাতা গ্রেফতার বা বিতাড়নের শিকার হয়েছেন কিংবা আতঙ্কে দিন কাটাচ্ছেন। কোভিড-১৯ মহামারির সময়ের মতোই বর্তমানে সাধারণ মানুষও এশীয়দের ওপর চড়াও হচ্ছে এবং আইসিই-কে খবর দেওয়ার বা দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

















