ছবি সংগৃহীত
২০২৮ সালের জুনের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ির প্রচলন বন্ধের প্রস্তুতির অংশ হিসেবে এর চালক ও আস্তাবল শ্রমিকদের নতুন কর্মসংস্থানে সহায়তার জন্য মঙ্গলবার একটি রূপরেখা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি।
এই পরিকল্পনায় গাড়ির লাইসেন্স (মেডেলিয়ন) মালিকদের জন্য সরকারিভাবে তা কিনে নেওয়া (বাইব্যাক) এবং চালক ও আস্তাবল কর্মীদের জন্য কারিগরি প্রশিক্ষণ, শিক্ষার সুযোগ ও আর্থিক ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন ইন্টারন্যাশনাল’-এর সাথে আলোচনা করে ২০২৭ সালের এপ্রিল নাগাদ এ বিষয়ে একটি বিস্তারিত রূপান্তর পরিকল্পনা প্রকাশ করা হবে।
মামদানি এক বিবৃতিতে বলেন, ‘এই শিল্পে যারা জীবন গড়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে; এই প্রশাসন তাদের পেছনে ফেলে যাবে না।’ ‘এনওয়াইসি ট্যালেন্ট’ ও ক্ষুদ্র ব্যবসা পরিষেবা বিভাগের যৌথ উদ্যোগে এবং লাগার্ডিয়া কমিউনিটি কলেজের পরিচালনায় গৃহীত এই কর্মসূচির আওতায় প্রায় ২০০ শ্রমিককে প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা ও চাকরির সুযোগ দেওয়া হবে। এ ছাড়া সেন্ট্রাল পার্ক ও এর আশপাশে ঘোড়ার গাড়ির বিকল্প হিসেবে বৈদ্যুতিক গাড়ি ও প্যাডেল-সহায়তাকারী সাইকেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশও দিয়েছেন তিনি।
গ্রীষ্মকালে নিয়ন্ত্রণহীন একটি ঘোড়ার গাড়ি থেকে লাফিয়ে পড়ে ভারতীয় পর্যটক রোমাঞ্চ মহাজনের মৃত্যুর পর সিটি কাউন্সিলে ‘রোমাঞ্চ’স ল’ পাসের কয়েক সপ্তাহ পর এই ঘোষণা এলো, যেখানে ২০২৮ সালের জুনের মধ্যে এই শিল্প বন্ধের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তবে চালকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন এই সহায়তাকে অপর্যাপ্ত বলে দাবি করেছে। ইউনিয়নের প্রেসিডেন্ট জন স্যামুয়েলসেন আইনটিকে ‘ভয়ানকভাবে ত্রুটিপূর্ণ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে আশঙ্কা প্রকাশ করেন, অর্থনৈতিক সংকট দেখা দিলে নগর কর্তৃপক্ষ এই প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে এবং শত শত শ্রমিক ও মালিক নিঃস্ব হয়ে পড়বেন। মেয়র আইনটিতে স্বাক্ষর করার পরপরই এর বৈধতা চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে মামলা করার ঘোষণা দিয়েছে ইউনিয়ন।

















