ছবি সংগৃহীত
তাদের একজন একসময় ঈশ্বরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছিলেনÑযিনি পরে ভ্যাটিকানে পোপ লিওর সাথে সাক্ষাৎ করেন। আরেকজন সামাজিকভাবে এতটাই লাজুক ছিলেন যে, একটি ডেটিং অ্যাপ চালু করে বসেন। তৃতীয়জন কর্মক্ষেত্রের দ্বন্দ্ব মেটাতে খেলনা পুতুলের (স্টাফড অ্যানিম্যাল) এক উপদেষ্টা পরিষদের পরামর্শ নিতেন।
বৃহস্পতিবার শেয়ার বাজারে অভিষেক হতে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’-এর এই খামখেয়ালি সহ-প্রতিষ্ঠাতাদের প্রত্যেকের সম্পদ প্রায় ১,৮০০ কোটি (১৮ বিলিয়ন) ডলারে পৌঁছাতে যাচ্ছে। প্রায় ছয় বছর আগে চ্যাটজিপিটি-র প্রতিদ্বন্দ্বী গড়তে ওপেনএআই ছেড়ে আসা এই সাতজনের দলে রয়েছেন একজন কলেজ ড্রপআউট, তিনজন পিএইচডি ডিগ্রিধারী, একজন সাবেক সাংবাদিক এবং শৈশবে খেলনা চুরি নিয়ে ঝগড়া করা এক ভাই-বোন।
ক্রিস্টোফার ওলাহ : পোপের সাথে সাক্ষাৎকারী নাস্তিক ধর্মপ্রাণ খ্রিষ্টান পরিবারে বেড়ে ওঠা ক্রিস্টোফার ওলাহ (৩৪) ১৫ বছর বয়সে নাস্তিক হয়ে যান এবং কৈশোরে ধর্মের কঠোর সমালোচনা করে ব্লগ লিখতেন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পোপ চতুর্দশ লিওর এক ঘোষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রিত হয়ে গত মে মাসে তিনি পোপের সাথে সাক্ষাৎ করেন। ওলাহ মূলত এআই চ্যাটবট ‘ক্লড’-এর আচরণবিধি বা ‘সোল ডকুমেন্ট’ তৈরিতে কাজ করেছেন। অ্যানথ্রপিক জানিয়েছে, কৈশোরের সেই লেখাগুলো এখন আর ওলাহর দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয় এবং তিনি ধর্ম ও ধর্মপ্রাণ মানুষদের অত্যন্ত শ্রদ্ধা করেন।
টম ব্রাউন : ‘অদ্ভুতুড়ে’ বসের স্থলাভিষিক্ত হওয়া লাজুক ডেটিং-অ্যাপ প্রতিষ্ঠাতা কৈশোরে প্রচ- লাজুক স্বভাবের হওয়ায় এমআইটি স্নাতক টম ব্রাউন (৩৯) অপরিচিতদের আড্ডার জন্য ‘গ্রুপার’ নামে একটি ডেটিং অ্যাপ চালু করেছিলেন। গত জুনে ট্রাম্প প্রশাসন অ্যানথ্রপিকের শক্তিশালী ‘মিথোস’ ও ‘ফেবল’ এআই মডেলের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করলে কোম্পানির সিইও দারিও আমোদেইয়ের ‘অদ্ভুতুড়ে আচরণে’ সরকারি কর্মকর্তারা বিরক্ত হন; তখন প্রশাসনের সাথে উচ্চপর্যায়ের আলোচনার দায়িত্ব পান ব্রাউন। এ ছাড়া ইলন মাস্কের সাথে অ্যানথ্রপিকের তিক্ত সম্পর্ক স্বাভাবিক করতে এবং মাস্কের স্পেসএক্স থেকে মাসে ১২৫ কোটি ডলারে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার চুক্তিতেও তিনি বড় ভূমিকা রাখেন।
দানিয়েলা আমোদেই : খেলনা পুতুলের উপদেষ্টা পরিষদ চালানো শীর্ষ কর্মকর্তা অ্যানথ্রপিকের প্রেসিডেন্ট ও বোর্ড চেয়ার দানিয়েলা আমোদেই (৩৯) এবং তার স্বামী হোল্ডেন কার্নফস্কি ওপেনএআই-তে কর্মরত থাকাকালে অফিসের জটিলতা মেটাতে একদল খেলনা পুতুলকে অস্থায়ী উপদেষ্টা পরিষদ হিসেবে ব্যবহার করতেনÑযার মধ্যে ‘জিনজি’ নামের এক অলস বিড়াল পুতুলের পরামর্শ ছিল মিটিং বাতিল করা এবং অতিরিক্ত কাজ এড়িয়ে চলা। বিজ্ঞানীদের পরিবারে বেড়ে উঠলেও ২০০৯ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করে দানিয়েলা চাকরি পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বড় ভাই ও অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইয়ের সাথে শৈশবে খেলনা নিয়ে ঝগড়া করা দানিয়েলা এখন ভাইয়ের সাথে মিলেই সিলিকন ভ্যালির অন্যতম মূল্যবান এই এআই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।

















