শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৯ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার 

কনজেশন প্রাইসিং টোল বাড়ছে ২০২৮ সালেই 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২১:১১, ২০ নভেম্বর ২০২৬

কনজেশন প্রাইসিং টোল বাড়ছে ২০২৮ সালেই 

ছবি সংগৃহীত

নিউ ইয়র্কের যেসব বাসিন্দা আশা করেছিলেন ‘কনজেশন প্রাইসিং’ টোলের বর্তমান হারই বহাল থাকবে, তাদের নতুন করে ভাবতে হচ্ছে। গভর্নর ক্যাথি হোকুল সংবাদমাধ্যম এনওয়াই১-কে নিশ্চিত করেছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালে ই-জেডপাস যুক্ত যাত্রীবাহী গাড়ির জন্য দিনের ব্যস্ত সময়ের (পিক আওয়ার) টোল ৯ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হবে।

ম্যানহাটনের ৬০তম স্ট্রিটের দক্ষিণাংশে প্রবেশের ক্ষেত্রে গাড়িচালকদের কাছ থেকে এই টোল আদায়ের কর্মসূচি ২০২৫ সালের ৫ জানুয়ারি কার্যকর হয়। কর্মসূচিটি চালুর আগে হোকুল তা সাময়িকভাবে স্থগিত করেছিলেন এবং পরে ২০২৪ সালের নভেম্বরে সংশোধিত পরিকল্পনা ঘোষণা করে প্রাথমিক টোল ১৫ ডলার থেকে কমিয়ে ৯ ডলার নির্ধারণ করেন। তবে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)-এর টোল তালিকা অনুযায়ী, এই হ্রাসকৃত হার ২০২৮ সালে ১২ ডলার এবং ২০৩১ সালে ১৫ ডলারে উন্নীত করার বিষয়টি শুরু থেকেই নির্ধারিত ছিল।
হোকুল জানান, এই সময়সূচি পরিবর্তন করলে এমটিএ ফেডারেল সরকারের আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ কর্মসূচিটি অনুমোদনের সময় ফেডারেল সরকার টোল বাড়ানোর এই শর্ত আরোপ করেছিল। তিনি বলেন, ‘আমি বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের কাছে নিয়ে যেতে চাই না, কারণ আমার মনে হয় তিনি এটি পুরোপুরি বাতিল করতে চান। তাই তাদের সামনে বিষয়টি নতুন করে তোলা ঝুঁকিপূর্ণ হবে।’
গভর্নর আরো উল্লেখ করেন, কনজেশন প্রাইসিং থেকে সংগৃহীত অর্থ সরাসরি গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করা হচ্ছে। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এই কর্মসূচি থেকে এমটিএ-এর জন্য কমপক্ষে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার আয় করার কথা, যা অবকাঠামো উন্নয়ন এবং বাস ও সাবওয়ে আধুনিকায়নে ব্যয় করা হচ্ছে। সোমবার লোয়ার ম্যানহাটনের চেম্বার্স স্ট্রিট সাবওয়ে স্টেশনের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এসব বিনিয়োগের কথা তুলে ধরেন।
 

শেয়ার করুন: