ছবি সংগৃহীত
ইরান যুদ্ধ তেল সরবরাহ ব্যাহত করা ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দেওয়ার পর, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গণপরিবহন সংস্থা নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি’ (এমটিএ) চলতি বছর জ্বালানি খাতে অতিরিক্ত ৯৫.৬ মিলিয়ন (৯ কোটি ৫৬ লাখ) ডলার গুণতে হবে বলে আশঙ্কা করছে।
এমটিএ মূলত নিউ ইয়র্ক সিটির সাবওয়ে, বাস এবং কম্যুটার রেল লাইন পরিচালনা করে। তাদের প্রকাশিত নথি অনুসারে, প্রায় ৬,০০০ বাস চালানো এবং প্রতি কর্মদিবসে প্রায় ১০,০০০ সাবওয়ে ও রেল ট্রিপ পরিচালনার জন্য সংস্থাগুলোকে প্রতি মাসে ৫০ লাখ গ্যালনেরও বেশি জ্বালানি কিনতে হয়।
এমটিএ-র ‘জ্বালানি হেজিং’ কর্মসূচি বাজারে দ্রুত দাম বৃদ্ধির সময় খরচ কমাতে সাহায্য করে। গত বছরের শেষে গৃহীত ২০২৬ সালের বাজেটের তুলনায় ডিজেল ও সংকুচিত প্রাকৃতিক গ্যাসের জন্য চলতি বছর সংস্থাটিকে ১৪৬ মিলিয়ন ডলার অতিরিক্ত দিতে হতো। তবে গত সোমবারে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি হেজিংয়ের মাধ্যমে ৫০.৮ মিলিয়ন ডলার সাশ্রয় হওয়ায় সেই অতিরিক্ত খরচের পরিমাণ কমে ৯৫.৬ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।
সোমবার অর্থ সংক্রান্ত কমিটির এক সভায় এমটিএ-র অর্থ বিষয়ক উপ-প্রধান ওলগা চেরনাট বলেন, ‘জ্বালানির মূল্যের চরম অস্থিরতা সামাল দিতে এবং বাজেটের অনিশ্চয়তা দূর করতে এই কর্মসূচি আমাদের জন্য সত্যিই খুব কার্যকর প্রমাণিত হয়েছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে অত্যন্ত কম সালফারযুক্ত ডিজেল, পেট্রোল, সিএনজি এবং অন্যান্য জ্বালানি বাবদ এমটিএ মোট ২৯১ মিলিয়ন ডলার বাজেট নির্ধারণ করেছিল।
এমটিএ সাধারণত ১২ মাসের মেয়াদে তাদের ভবিষ্যতের ডিজেল ক্রয়ের ৫০ শতাংশের মূল্য আগাম বুক বা হেজ করে রাখে। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই মেয়াদে সংস্থাটি প্রতি গ্যালন ডিজেলের গড় মূল্য ২.২৮ ডলারে নির্ধারণ বা লক করে রাখতে সক্ষম হয়েছিল।

















