শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ফ্ল্যাটের গড় ভাড়া ৪,৪৩০ ডলার!

সান ফ্রান্সিসকোতে বাড়ি  ভাড়া রেকর্ড বেড়েছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩০, ৩০ অক্টোবর ২০২৬

সান ফ্রান্সিসকোতে বাড়ি  ভাড়া রেকর্ড বেড়েছে

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অভাবনীয় উত্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ফ্ল্যাট ভাড়ার দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। জাতীয় রেন্ট রিপোর্ট ‘জাম্পার’-এর তথ্যানুযায়ী, চলতি অক্টোবর মাসে এক বেডরুমের ফ্ল্যাটের গড় ভাড়া বেড়ে রেকর্ড ৪,৪৩০ ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় প্রায় ২৬.২ শতাংশ বেশি। অর্থাৎ, গত বছরের চেয়ে বাড়িয়ালিদের মাসে প্রায় ৯২০ ডলার বা বছরে অতিরিক্ত ১১,০০০ ডলারের বেশি গুনতে হচ্ছে।

দুই বেডরুমের ফ্ল্যাটের চিত্র আরও ভয়াবহ; এর গড় ভাড়া ২৭.৯ শতাংশ বেড়ে মাসে দাঁড়িয়েছে ৬,৩২০ ডলারে। এর ফলে জাম্পারের তালিকাবদ্ধ ১০০টি বড় মার্কিন শহরের মধ্যে সান ফ্রান্সিসকোতেই ফ্ল্যাট ভাড়ার বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত রেকর্ড করা হয়েছে।
এই চরম মূল্যবৃদ্ধির পেছনে মূল নিয়ামক হিসেবে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রসার। এআই স্টার্টআপ ও নামী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচ্চবেতনের কর্মীরা শহরের সীমিত সংখ্যক বাসা ভাড়ার জন্য তীব্র প্রতিযোগিতায় মেতেছেন। এমনকি বিলাস বহুল আবাসন খাতেও নতুন এআই ধনকূপী ও বিনিয়োগকারীদের কারণে বাড়ি কেনাবেচায় কাড়াকাড়ি পড়ে গেছেÑযেখানে ২৫ মিলিয়ন ডলার নগদ প্রস্তাব দিয়েও অনেকে বাড়ি কিনতে পারছেন না।
অ্যান্থ্রোপিক -এর মতো সান ফ্রান্সিসকোভিত্তিক শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য ট্রিলিয়ন ডলারের আইপিও খবরের পর এই আবাসন সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিপরীতে, শহরের নগর পরিকল্পনা বিভাগের তথ্যমতে পর্যাপ্ত নতুন ঘরবাড়ি তৈরি না হওয়ায় চাহিদার তুলনায় জোগানের ঘাটতি বহুগুণ বেড়ে গেছে।
পুরো যুক্তরাষ্ট্রের আবাসন বাজারের তুলনায় সান ফ্রান্সিসকোর এই চিত্র পুরোপুরি বিপরীত। কারণ অক্টোবরে যুক্তরাষ্ট্র জুড়ে এক ও দুই বেডরুমের গড় ভাড়া বার্ষিক ভিত্তিতে যথাক্রমে মাত্র ০.৫ শতাংশ এবং ০.৭ শতাংশ বেড়ে ১,৫১৯ ডলার ও ১,৯০১ ডলারে অবস্থান করছে।
 

শেয়ার করুন: