ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আগামী ১ নভেম্বর রোববার শেষ হচ্ছে ডে-লাইট সেভিং টাইম (ডিএসটি)। এদিন স্থানীয় সময় রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টা করা হবে।
অর্থাৎ ৩১ অক্টোবর শনিবার দিবাগত রাতে এ পরিবর্তন কার্যকর হবে। নিউইয়র্কসহ ডিএসটি অনুসরণকারী অঞ্চলগুলোর বাসিন্দারা ওই রাতে ঘুমানোর জন্য অতিরিক্ত এক ঘণ্টা পাবেন।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ মার্চ ডে-লাইট সেভিং টাইম শুরু হয়েছিল। ১ নভেম্বর এ ব্যবস্থার সমাপ্তির মধ্য দিয়ে আবার স্ট্যান্ডার্ড টাইম কার্যকর হবে। বর্তমান নিয়ম অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ রোববার ফের ডে-লাইট সেভিং টাইম শুরু হবে।
দিনের আলোকে মানুষের দৈনন্দিন কাজের সময়ের সঙ্গে সমন্বয় করতে এ ব্যবস্থা অনুসরণ করা হয়। বসন্তে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়ায় বিকেল ও সন্ধ্যায় তুলনামূলক বেশি সময় দিনের আলো পাওয়া যায়। শরতে ঘড়ির কাঁটা পেছানোর পর ঘড়ির হিসাবে সূর্যোদয় ও সূর্যাস্ত এক ঘণ্টা আগে হয়। ফলে সকালে তুলনামূলক আগে আলো ফোটে এবং সন্ধ্যায় আগে অন্ধকার নামে।যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে এ ব্যবস্থা চালু থাকলেও হাওয়াই ও অ্যারিজোনার অধিকাংশ এলাকায় ডিএসটি অনুসরণ করা হয় না। তবে অ্যারিজোনার নাভাহো নেশন এলাকায় এ নিয়ম প্রযোজ্য। পুয়ের্তো রিকো, গুয়ামসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলেও ডিএসটি চালু নেই।

















