বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

২৯ আঙুলের বিড়াল, গড়ল গিনেসের নতুন রেকর্ড

নবযুগ রিপোর্ট

আপডেট: ০১:৫৫, ২৭ আগস্ট ২০২৬

২৯ আঙুলের বিড়াল, গড়ল গিনেসের নতুন রেকর্ড

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এমন এক মেইন কুন বিড়ালের সন্ধান মিলেছে, যার চার পায়ে রয়েছে ২৯টি আঙুল। এই অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে বিড়ালটি।

সাধারণত একটি বিড়ালের চার পায়ে মোট ১৮টি আঙুল থাকে। ইরেবাস অ্যানোমালি নামের এই বিড়ালের চার পায়ে থাকা ২৯টি আঙুল পরীক্ষা করে নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা। এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের নতুন রেকর্ড এখন ইরেবাসের দখলে। বিড়ালটির মালিক মার্কিন দম্পতি কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট। তাদের ভাষ্য, ইরেবাসের শরীরে অতিরিক্ত ১১টি আঙুল থাকায় তার থাবা সাধারণ বিড়ালের তুলনায় বেশ বড় এবং দেখতে কিছুটা আলাদা। তবে এই বাড়তি আঙুল তার চলাফেরা বা স্বাভাবিক জীবনযাপনে কোনো বাধা তৈরি করছে না।

স্বাভাবিক সংখ্যার চেয়ে বেশি আঙুল থাকার এই শারীরিক বৈশিষ্ট্যকে চিকিৎসাবিজ্ঞানে ‘পলিড্যাক্টিলি’ বলা হয়। মেইন কুন বিড়ালের মধ্যে এ ধরনের বৈশিষ্ট্য দেখা যেতে পারে। তবে চার পায়ে মোট ২৯টি আঙুল থাকা অত্যন্ত বিরল ঘটনা। ইরেবাসের আগে সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের রেকর্ড ছিল ২৮টি। ২০০২ সালে কানাডার জেক নামের একটি বিড়াল ২৮টি আঙুল নিয়ে রেকর্ডটি গড়েছিল। পরে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগানের টোবি নামের আরেকটি বিড়ালও একই সংখ্যক আঙুল নিয়ে সেই রেকর্ডে ভাগ বসায়।

এবার অবশ্য আগের রেকর্ডধারীদের ছাড়িয়ে গেছে ইরেবাস। মাত্র একটি অতিরিক্ত আঙুলের ব্যবধানে ২৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে চার পায়ে ২৯টি আঙুল নিয়ে নতুন ইতিহাস গড়েছে বিড়ালটি। ইরেবাসের মালিক দম্পতি মেইন কুন বিড়াল প্রজননের ব্যবসার সঙ্গে জড়িত। তাদের প্রতিষ্ঠান ‘ব্লু নর্দার্ন মেইন কুনস’। তারা জানান, ইরেবাস জন্মের পর থেকেই তার পায়ের গঠন ছিল অন্যরকম। তখনই তাদের মনে হয়েছিল, এই বিড়ালটি ভবিষ্যতে হয়তো বিরল কোনো রেকর্ডের মালিক হতে পারে।

শেষ পর্যন্ত সেই ধারণাই বাস্তবে রূপ নিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতির পর ২৯টি আঙুল নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়াল হিসেবে নতুন রেকর্ড গড়েছে ইরেবাস অ্যানোমালি

শেয়ার করুন: