শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ভাড়াটেদের পা  মালিকদের  এলাকায় 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৯, ২৭ নভেম্বর ২০২৬

ভাড়াটেদের পা  মালিকদের  এলাকায় 

ছবি সংগৃহীত

নিউইয়র্ক সিটির ‘বিস্মৃত বরো’ (ফরগটেন বরো) হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে নিজস্ব বাড়ির মালিকদের শেষ দুর্গ হিসেবে বিবেচিত স্ট্যাটেন আইল্যান্ডের আবাসন চিত্রে ভাড়াটেদের সংখ্যা বাড়ছে। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আদমশুমারির তথ্যের ওপর ভিত্তি করে ‘প্রপার্টিশার্ক’-এর এক নতুন বিশ্লেষণে দেখা গেছে, নিউইয়র্কের পাঁচটি বরোর মধ্যে একমাত্র স্ট্যাটেন আইল্যান্ডেই গত এক দশকে বাড়ির মালিকানার হার সামান্য কমে ৬৯ শতাংশ থেকে ৬৮ শতাংশে নেমেছে। বিপরীতে, ভাড়াটেদের শহর হিসেবে পরিচিত ম্যানহাটনে মালিকানার হার ২৩ শতাংশের নিচ থেকে বেড়ে ২৫ শতাংশে দাঁড়িয়েছে, যা সব বরোর মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি।

গবেষণায় দেখা গেছে, শহরের যে ১০টি এলাকায় ভাড়াটেদের অংশীদারিত্ব সবচেয়ে বেশি বেড়েছে, তার ছয়টিই স্ট্যাটেন আইল্যান্ডে অবস্থিত (বাকি তিনটি কুইন্সের হাওয়ার্ড বিচ-সংলগ্ন এলাকা এবং একটি ম্যানহাটনের টিউডর সিটি)। তবে গবেষণার লেখক লরা ম্যাকগ্রেগর জানান, স্ট্যাটেন আইল্যান্ড থেকে বাড়ির মালিকরা চলে যাচ্ছেন বিষয়টি তেমন নয়; বরং গত দশকে মালিকানাধীন বাড়ির সংখ্যা ১ লাখ ১৩ হাজার থেকে বেড়ে ১ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। মূলত নতুন আবাসন প্রকল্পের কারণে ভাড়া বাড়ির সংখ্যা ৫১ হাজার থেকে বেড়ে ৫৫ হাজার ছাড়িয়ে যাওয়ায় সামগ্রিক অনুপাতে ভাড়াটেদের হার বেড়েছে।
এলাকাভিত্তিক চিত্রে দেখা যায়, নর্থ শোরের ‘স্টেপলটন’ এলাকায় পুরো নগরীর মধ্যে ভাড়াটের হার সবচেয়ে বেশি বেড়েছেÑএক দশক আগে যা ছিল ৫৫ শতাংশ, তা এখন ৭৭ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে ‘আরবি’র মতো নতুন অ্যাপার্টমেন্ট ভবনগুলোর কারণে ডাউনটাউন ম্যানহাটনের অফিসকর্মী, নার্স ও মেডিকেল শিক্ষার্থীরা এখানে বসবাস শুরু করেছেন। এ ছাড়া ব্রুকলিন থেকেও অনেকে এখানে বাড়ি কিনছেন। সাউথ শোরের চার্লসটনে ভাড়াটের হার দ্বিগুণ হয়ে ৩৯ শতাংশে এবং হারিকেন স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত ও পরবর্তীতে পুনর্নির্মিত ইস্ট শোরের মিডল্যান্ড বিচে ১৬ শতাংশ থেকে বেড়ে ২৯ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া রিচমন্ড ভ্যালি (৩২ শতাংশ), বুলস হেড (৩২ শতাংশ) এবং ডনগান হিলসেও (৪৮ শতাংশ) ভাড়াটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তা সত্ত্বেও, ৬৮ শতাংশ মালিকানার হার নিয়ে স্ট্যাটেন আইল্যান্ড এখনো যুক্তরাষ্ট্রের জাতীয় বাড়ি মালিকানার গড় হার (৬৫ শতাংশ)-এর চেয়ে এগিয়ে রয়েছে এবং স্টেপলটন ছাড়া বাকি সব এলাকায় বাড়ির মালিকরাই সংখ্যাগরিষ্ঠ। তবে গত সেপ্টেম্বরে সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন এবং সংখ্যাগরিষ্ঠ হুইপ কামিলা হ্যাঙ্কস ‘নর্থশোরএনওয়াইসি’ নামে যে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেনÑযার আওতায় সেন্ট জর্জ থেকে স্টেপলটন পর্যন্ত ৫,০০০-এর বেশি নতুন আবাসন গড়ে তোলা হবেÑতা ভবিষ্যতে এই বরোর আবাসন কাঠামোতে আরও পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
 

শেয়ার করুন: