ছবি সংগৃহীত
ক্রেতাদের আকৃষ্ট করতে নির্মাতারা দাম কমানোয় গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে নতুন একক-পরিবারভিত্তিক (সিঙ্গেল-ফ্যামিলি) বাড়ি বিক্রি ব্যাপক বেড়েছে। তবে উচ্চ মর্টগেজ সুদের হার এখনো সামগ্রিক আবাসন বাজারের গতিশীলতাকে বাধাগ্রস্ত করছে।
বুধবার মার্কিন বাণিজ্য বিভাগের সেন্সাস ব্যুরো জানিয়েছে, অক্টোবরে নতুন বাড়ি বিক্রি ১৪.২ শতাংশ বেড়ে বার্ষিক সমন্বিত হারে ৭ লাখ ১ হাজার ইউনিটে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। সেপ্টেম্বরের সংশোধিত হিসাবে বিক্রির হার কমে ৬ লাখ ১৪ হাজার ইউনিটে নেমেছিল। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছাপিয়ে বার্ষিক ভিত্তিতে অক্টোবরে বিক্রি বেড়েছে ৭.৫ শতাংশ। চাহিদা বাড়াতে আবাসন নির্মাতারা দাম কমাচ্ছেন। ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম বিল্ডার্স’-এর জরিপ অনুযায়ী, অক্টোবরে ৪৩ শতাংশ এবং নভেম্বরে প্রায় ৪৬ শতাংশ নির্মাতা দাম কমিয়েছেন, যা মহামারি-পরবর্তী সময়ে সর্বোচ্চ। ফলে অক্টোবরে নতুন বাড়ির গড় (মিডিয়ান) দাম আগের বছরের তুলনায় ৩.২ শতাংশ কমে ৩ লাখ ৯১ হাজার ৩০০ ডলারে দাঁড়িয়েছে।
তবে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ মুদ্রাস্ফীতি ও ঋণের খরচ বাড়িয়ে দেওয়ায় ২০২৪ সালের মাঝামাঝি থেকে শুরু হওয়া আবাসন খাতের মন্দা আরও প্রকট হয়েছে। গত ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর পর থেকে ৩০ বছর মেয়াদি স্থির মর্টগেজ সুদের হার প্রায় ১.৩ শতাংশীয় পয়েন্ট বেড়ে গত সপ্তাহে গড়ে ৭.২৮ শতাংশে পৌঁছেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ আগামী মাসে এবং ২০২৭ সালেও সুদের হার বাড়ানো অব্যাহত রাখবেÑএমন পূর্বাভাসের কারণে আবাসন খাতের এই মন্দা আগামী বছরও স্থায়ী হতে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা।
গত মাসে বিক্রি বাড়লেও বাজারে অবিক্রীত নতুন বাড়ির মজুত (৪ লাখ ৭০ হাজার ইউনিট) এখনো বেশ উঁচুতে রয়েছে, যা বর্তমান বিক্রির গতিতে শেষ হতে ৮ মাস সময় লাগবে। এর প্রভাবে অক্টোবরে নতুন বাড়ি নির্মাণের অনুমতিপত্র (পারমিট) ইস্যুর হার সাড়ে তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে। বাজারে অবিক্রীত নতুন বাড়ির আধিক্য থাকলেও জাতীয়ভাবে সাশ্রয়ী বা প্রাথমিক পর্যায়ের (স্টার্টার হোম) বাড়ির তীব্র সংকট রয়ে গেছে।

















