ছবি সংগৃহীত
৪৫ মিনিটের কম সময়ের ই-বাইক রাইডের সর্বোচ্চ ভাড়া ৩.৬৫ ডলারে সীমাবদ্ধ রাখা হবে। তবে এই সুবিধা কেবল বার্ষিক ২৪৯ ডলার ফি দিয়ে নিবন্ধিত সিটি বাইক সদস্যদের জন্য প্রযোজ্য হবে এবং এর বিনিময়ে নগর কর্তৃপক্ষকে একটি বড় অঙ্কের কর রাজস্ব ছাড় দিতে হবে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই ঘোষণা দিয়েছেন।
বর্তমানে সদস্যদের ই-বাইক চালানোর জন্য প্রতি মিনিটে ০.২৭ ডলার গুনতে হয়, যা ৪৫ মিনিটের রাইডে প্রায় ১২.১৫ ডলারে দাঁড়ায়। তবে অ্যাপের প্রায় ১৮ শতাংশ ব্যবহারকারী সদস্য না হওয়ায় তারা এই সাশ্রয়ী সুবিধা পাবেন না। পাশাপাশি, আগামী জানুয়ারি থেকে সিটি বাইকের মূল কোম্পানি লিফটের সাথে শহরের চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত (মে ২০২৯) বার্ষিক সদস্যপদ ফি বর্তমান হারেই থাকবে।
নগর কর্তৃপক্ষের পরিবর্তে কোম্পানিটি এই ভর্তুকি বহন করার বিনিময়ে, মেয়র সিটি বাইকের ৫২ লাখ ৫০ হাজার (৫.২৫ মিলিয়ন) ডলারের অতিরিক্ত আয়ের ওপর থেকে কর রাজস্ব ছেড়ে দিতে সম্মত হয়েছেন। পরিবহন বিভাগ, সিটি কাউন্সিল এবং লিফটের মধ্যকার আলোচনার মাধ্যমে সম্পাদিত এই চুক্তির আওতায় শহর কর্তৃপক্ষ আগামী বছর ১৩০টিরও বেশি ই-বাইক চার্জিং স্টেশন স্থাপনে সহায়তা করবে এবং কোম্পানিকে সব স্টেশনের ডিসপ্লে প্যানেলে বিজ্ঞাপন চালানোর অনুমতি দেবে।
গত সপ্তাহে ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পাওয়ায় ক্রাচে ভর দিয়ে ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন মামদানি। তিনি উল্লেখ করেন, গত ছয় বছরে সদস্যদের জন্য ই-বাইকের প্রতি মিনিটের ভাড়া ১৭০ শতাংশ বেড়ে ১০ সেন্ট থেকে ২৭ সেন্টে পৌঁছেছে, যা আর গ্রহণযোগ্য নয়।
নগর কর্মকর্তারা জানিয়েছেন, নগরীর ‘রিডিউসড ফেয়ার বাইক শেয়ার’ কর্মসূচির আওতায় মাসে ৫ ডলারে রাইড সুবিধা পাওয়া ২০ লাখেরও বেশি নি¤œ-আয়ের বাসিন্দা (সুবিধাভোগী) এই নতুন চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হবেন না।

















