ছবি সংগৃহীত
থ্যাঙ্কসগিভিং ভ্রমণের মৌসুমে মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় এবং বেপরোয়া গাড়ি চালানো প্রতিরোধে নিউইয়র্ক রাজ্য পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজ্যজুড়ে টহল জোরদার করবে বলে ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। গভর্নরের ট্রাফিক সেফটি কমিটির (জিটিএসসি) অর্থায়নে পরিচালিত এই বিশেষ অভিযান ২৫ নভেম্বর শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।
গভর্নর হোকুল চালকদের সতর্ক ও সুস্থির থাকার, সিট বেল্ট ব্যবহার করার এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির ক্ষেত্রে ‘মুভ ওভার’ আইন মেনে চলার আহ্বান জানান। ছুটির দিনে প্রিয়জনদের সাথে সময় কাটানোর পরিবর্তে সড়ক নিরাপদ রাখতে দায়িত্ব পালনের জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ২০২৫ সালের থ্যাঙ্কসগিভিং ছুটিতে রাজ্যজুড়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ২,২৩৬ জন, অতিরিক্ত গতির কারণে ১২,৪৯৬ জনকে গ্রেফতার এবং সিট বেল্ট না বাঁধায় ৩,০৭৫ জনকে জরিমানা করা হয়েছিল।
অভিযানের আওতায় নিয়মিত টহলের পাশাপাশি রাজ্য পুলিশ নির্দিষ্ট স্থানে ‘সোব্রাইটি চেকপয়েন্ট’ বসাবে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বা টেক্সট করা চালকদের শনাক্ত করতে বিশেষ ছদ্মবেশী টহল যান ব্যবহার করবে। এ ছাড়া পরিবহন বিভাগ, মোটরযান বিভাগ, থ্রুওয়ে অথরিটি এবং পুলিশ ও শেরিফ অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তারা চালকদের ট্রাফিক আইন মেনে চলার এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালিয়ে ‘হ্যাভ এ প্ল্যান’ মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বা বিকল্প চালকের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন।

















