ছবি সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটির ‘কনজেশন প্রাইসিং’ (যানজট নিরসন টোল) ব্যবস্থাকে শহরের জন্য ‘ঘাতক’ হিসেবে অভিহিত করেছেন এবং যুক্তরাষ্ট্রের অন্য কোনো মেট্রোপলিটন এলাকায় এটি চালু করতে না দেওয়ার অঙ্গীকার করেছেন। ওভাল অফিসে দ্য পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কর্মসূচিকে একটি ‘বিপর্যয়’ আখ্যা দিয়ে বলেন, বিশ্বের কোথাও এই ব্যবস্থা কখনো কাজ করেনি এবং এটি নিউইয়র্কের মারাত্মক ক্ষতি করছে।
মিডটাউন ম্যানহাটনে কনজেশন প্রাইসিং চালুর দুই বছর পরও চালকদের অভিযোগ, নগরীর যানজট আগের মতোই ভয়াবহ রয়ে গেছে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) দাবি করেছিল যে ন্যূনতম ৯ ডলারের এই টোল ব্যবস্থা যাত্রীদের যাতায়াতের সময় কমিয়ে আনবে। তবে ট্রাম্প উল্লেখ করেন, নগরীতে আসা অনেক কর্মজীবী মানুষÑযেমন বিক্রয়কর্মী বা ওয়েটারদেরÑঘণ্টাপ্রতি আয়ের চেয়েও এই টোলের পরিমাণ বেশি। বর্তমানে দিনের ব্যস্ত সময়ে সাধারণ গাড়ির জন্য ই-জেডপাস টোল ৯ ডলার (যা ২০২৮ সালে ১২ ডলার এবং ২০৩১ সালে ১৫ ডলারে উন্নীত হওয়ার কথা) এবং বড় ট্রাক বা বাসের ক্ষেত্রে সর্বোচ্চ ২১.৬০ ডলার। এর ফলে সপ্তাহে পাঁচ দিন যাতায়াতকারী একজন সাধারণ চালকের বছরে প্রায় ২,২৫০ ডলার এবং বড় ট্রাকের ক্ষেত্রে বছরে ৫,৪০০ থেকে ১০,৮০০ ডলার পর্যন্ত খরচ হচ্ছে, যা নিয়ে চালকদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে।
ট্রাম্প প্রশাসন শুরু থেকেই এই কর্মসূচির কড়া সমালোচনা করে আসছে। টোল প্রত্যাহার না করলে অঙ্গরাজ্যের ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছিলেন পরিবহন সচিব শন ডাফি।

















