ছবি সংগৃহীত
গত ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের দখলে থাকা আসনে জয়ী হওয়ার প্রায় দুই সপ্তাহ পর, নর্থ ক্যারোলাইনার নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি লাকেশা ওম্যাক ২০১৯ সালের একটি ভাড়া করা গাড়ির বকেয়া বিল পরিশোধ করেছেন। এর ফলে কৌঁসুলিরা তার বিরুদ্ধে থাকা গুরুতর ফৌজদারি (ফেলোনি) অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
মেকলেনবার্গ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্পেন্সার বি. মেরিওয়েদার (যিনি নিজেও ডেমোক্র্যাট) মঙ্গলবার জানান, ১৬ নভেম্বর ওম্যাক এবং সংশ্লিষ্ট রেন্টাল কার কোম্পানির মধ্যে একটি সমঝোতা হয়েছে। গাড়িটি ফেরত দেওয়ার নির্ধারিত সময় পার হওয়ার দিন থেকে শুরু করে পুলিশের মাধ্যমে সেটি কোম্পানির জিম্মায় ফিরে যাওয়া পর্যন্ত সময়ের সমপরিমাণ ভাড়া ওম্যাক পরিশোধ করেছেন। কোম্পানিটি বিষয়টিকে মীমাংসিত হিসেবে গণ্য করে মামলাটি আর না চালানোর কথা জানালে অভিযোগটি প্রত্যাহার করা হয়।
মামলার নথি অনুযায়ী, ওম্যাক ২০১৯ সালের আগস্টে ‘বাজেট কার রেন্টাল’ থেকে প্রায় ২০,০০০ ডলার মূল্যের একটি টয়োটা করোলা গাড়ি ভাড়া নিয়েছিলেন এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সেটি ফেরত দেননি। পরে ওই বছরের ৪ ডিসেম্বর স্থানীয় পুলিশ গাড়িটি উদ্ধার করে কোম্পানিকে ফেরত দেয়। এ ঘটনায় ২০২০ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে আদালতের সমন জারি হলেও ওম্যাক তা জানতেন না বলে দাবি করেন। তিনি জানান, সে সময় তিনি গৃহহীন ছিলেন এবং স্থায়ী ঠিকানা না থাকায় কোনো চিঠিপত্র পাননি। মধ্যবর্তী নির্বাচনের এক মাসেরও কম সময় আগে, গত ১১ অক্টোবর এক নির্বাচনী অনুষ্ঠানে এক কর্মকর্তা সরাসরি তার হাতে সমনের কাগজ তুলে দেন।
ওম্যাক জানান, সিঙ্গেল মাদার হিসেবে টাইপ-১ ডায়াবেটিসের কারণে আইসিইউ-তে ভর্তি হওয়া, আর্থিক সংকট এবং গৃহহীনতার মতো ভয়াবহ দুঃসময়ের কারণেই তখন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তার আইনজীবী জানান, ফৌজদারি অভিযোগ দায়েরের ৪১ দিন আগেই গাড়িটি অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হয়েছিল এবং সমন সম্পর্কে জানার পরপরই ওম্যাক বকেয়া পরিশোধের উদ্যোগ নেন।

















