ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (ডিএমভি) জানিয়েছে, তারা ড্রাইভিং লাইসেন্সের লিখিত (নলেজ) পরীক্ষার ফলাফলে কিছু অসংগতি বা অনিয়ম খুঁজে পেয়েছে। এ কারণে প্রায় ১১ হাজার জনকে নোটিশ পাঠানো হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে তাদের আবার এই পরীক্ষা দিতে হবে। যারা এই সময়ের মধ্যে পরীক্ষা দিতে ব্যর্থ হবেন, তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।
এক বিবৃতিতে ডিএমভি জানিয়েছে, ‘আমাদের পরীক্ষা প্রক্রিয়ার সততা ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ক্যালিফোর্নিয়ায় গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার আগে চালকরা রাস্তার নিয়মকানুন সঠিকভাবে বোঝেন কি না, তা যাচাই করতে এই লিখিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
ডিএমভি -এর এক মুখপাত্র এই অসংগতির সুনির্দিষ্ট বিবরণ না দিলেও জানিয়েছেন, এটি তাদের অভ্যন্তরীণ কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেনি।
মুখপাত্র জোনাথন গ্রোভম্যান এক বিবৃতিতে বলেন, ‘এটি ক্যালিফোর্নিয়া ডিএমভি-এর নিজস্ব উদ্যোগে করা একটি অনুসন্ধান এবং এটি আমাদের নিয়মিত অভ্যন্তরীণ পর্যবেক্ষণ প্রক্রিয়ার অংশ। আমরা নিশ্চিত করতে পারি যে, এর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অভ্যন্তরীণ কোনো কারিগরি সমস্যার সংযোগ নেই।’
কারা এই পরীক্ষা দেন?
ক্যালিফোর্নিয়ায় যারা প্রথমবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন, তাদের এই লিখিত পরীক্ষা পাস করতে হয়। এই পরীক্ষায় মূলত বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্ন থাকে।
ডিএমভি জানিয়েছে, এ পরীক্ষাটি কেবল সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়েই দেওয়া সম্ভব। অনলাইনে পরীক্ষা দেওয়ার যে সুযোগটি আগে চালু ছিল, তা ২০২৫ সালের জানুয়ারি মাসেই বন্ধ করে দেওয়া হয়েছে।

















