ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনকে সামনে রেখে নিউইয়র্ক সিটি কাউন্সিল একাধিক জনসম্পৃক্ত সাংস্কৃতিক ও ঐতিহাসিক কর্মসূচির ঘোষণা দিয়েছে। দেশের ইতিহাস ও জাতীয় পরিচয় গঠনে নিউইয়র্ক সিটির গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত অবদানকে তুলে ধরতেই এসব কর্মসূচি আয়োজন করা হচ্ছে।
সিটি কাউন্সিলের উদ্যোগে আয়োজিত আমেরিকা ২৫০ কর্মসূচিগুলোতে বিশেষভাবে সম্মান জানানো হবে অভিবাসী জনগোষ্ঠী, কৃষ্ণাঙ্গ আমেরিকান, আদিবাসী জনগণ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে নিউইয়র্ককে সমৃদ্ধ করা বিভিন্ন সম্প্রদায়কে। শিল্পকর্ম, সাংস্কৃতিক পরিবেশনা, সাহিত্য পাঠ এবং ঐতিহাসিক প্রদর্শনীর মাধ্যমে তাদের অবদান ও সংগ্রামের কাহিনি তুলে ধরা হবে।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে নিউইয়র্ক সিটি এমন একটি শহর যেখানে বিশ্বের নানা প্রান্তের মানুষ সুযোগের সন্ধানে এসে নিজেদের সম্প্রদায় গড়ে তুলেছেন এবং আমেরিকার ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রেখেছেন। এমন সময়ে যখন কিছু মহল কৃষ্ণাঙ্গ ও অভিবাসী জনগোষ্ঠীর অবদানকে খাটো করে দেখার চেষ্টা করছে, তখন নিউইয়র্ক সিটি তাদের গল্প ও অবদানকে সম্মানের সঙ্গে তুলে ধরার পথ বেছে নিয়েছে।
দ্য লেগ্যাসি কুইল্ট প্রজেক্ট প্রদর্শনী-২২ থেকে ৩০ জুন পর্যন্ত সিটি হলের কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত হবে দ্য লেগ্যাসি কুইল্ট প্রজেক্ট প্রদর্শনী। মিউজিয়াম অ ফুড এ্যান্ড ডিঙ্ক ( মোফাড) এর সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে আফ্রিকান-আমেরিকানদের খাদ্যসংস্কৃতি ও আমেরিকান রন্ধনশৈলীতে অবদান তুলে ধরা হবে।
৪০৬টি হাতে তৈরি ব্লকের সমন্বয়ে নির্মিত এই কুইল্টে আফ্রিকান-আমেরিকান শেফ, উদ্যোক্তা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অবদান তুলে ধরা হয়েছে। চার শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের খাদ্য সংস্কৃতিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর প্রভাবকে এতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

















