ছবি: সংগৃহীত
সামাজিক নিরাপত্তা ভাতার ওপর নির্ভরশীল প্রায় ৭ কোটি ১০ লাখ আমেরিকান আগামী বছর থেকে মাসে গড়ে মাত্র ৭৫ ডলার অতিরিক্ত পাবেন। সেপ্টেম্বরের মূল্যস্ফীতি প্রতিবেদন প্রকাশের পর সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ২০২৭ সালের জন্য ৩.৬ শতাংশ জীবনযাত্রার ব্যয় সমন্বয় ঘোষণা করেছে।
এই সমন্বয়ের ফলে আগামী জানুয়ারি থেকে গড় মাসিক চেক বা ভাতার পরিমাণ ২,০৮৮ ডলার থেকে বেড়ে ২,১৬৩ ডলারে দাঁড়াবে। যদিও এটি গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি, তবুও চড়া মূল্যস্ফীতির মুখে এই অর্থ অপর্যাপ্ত বলে মনে করছেন বয়স্ক নাগরিকরা।
‘দ্য সিনিয়র সিটিজেন্স লিগ’-এর নির্বাহী পরিচালক শ্যানন বেন্টন জানান, এই বৃদ্ধি বয়স্কদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সংগঠনটির এক জরিপে ৮৯ শতাংশ প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের জীবনযাত্রার প্রকৃত ব্যয়ের তুলনায় এই ভাতা বৃদ্ধি খুবই কম। অর্থনীতিবিদদের মতে, টানা ছয় মাস ধরে বার্ষিক মজুরি বাড়ার চেয়ে মূল্যস্ফীতির গতি বেশি ছিল, অর্থাৎ আয় বা ভাতার চেয়ে নিত্যপণ্যের দাম বাড়ছে অনেক দ্রুত। যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ অবসরপ্রাপ্ত মানুষের আয়ের প্রধান উৎসই হলো এই সোশ্যাল সিকিউরিটি চেক।

















