ছবি: সংগৃহীত
আমেরিকানদের কাছ থেকে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়া পূর্ব ইউরোপ-কেন্দ্রিক একটি আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রকে গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির (ডিএ) কার্যালয়।
গত সপ্তাহে এফবিআইয়ের সহায়তায় পরিচালিত এই যৌথ অভিযানে প্রতারণামূলক ২৪১টি ওয়েবসাইট বন্ধ এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতে রাখা ১১২টি কম্পিউটার সার্ভার বাজেয়াপ্ত করা হয়। তদন্তকারীরা জানান, এ চক্রটি মূলত ইউক্রেনসহ পূর্ব ইউরোপের বিভিন্ন সাইবার অবকাঠামো ও আইপি ঠিকানা ব্যবহার করে তিন বছর ধরে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে অগণিত আমেরিকানকে, বিশেষ করে ব্রুকলিনের রুশভাষী অধিবাসীদের ভুয়া বিনিয়োগের জালে ফেলছিল।
এফবিআইয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো জালিয়াতি আশঙ্কাজনকভাবে বেড়েছে- ২০২৫ সালেই এর ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল ১১.৪ বিলিয়ন ডলারে। ব্রুকলিনের ডিএ এরিক গঞ্জালেজ ২০২৩ সালে এই জালিয়াতি রুখতে একটি বিশেষায়িত ‘ভার্চুয়াল কারেন্সি ইউনিট’ গঠন করেন। এই বিশেষ ইউনিটটি বিশ্বব্যাপী সময় অঞ্চলের তোয়াক্কা না করে একযোগে কাজ করে প্রতারকদের মূল সার্ভার বন্ধ করে দিয়েছে। এর ফলে চক্রটির নতুন ওয়েবসাইট তৈরি, ক্ষতিগ্রস্তদের ডেটা ব্যবহার ও প্রতারণা কার্যক্রম এক প্রকার অচল হয়ে পড়েছে।

















