ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এলাকাটির প্রথম বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব এবং প্রথম গণ-সুইমিং পুল নির্মাণের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সকালে ‘পিএস ৩৯৮কিউ’ স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর ক্যাথি হোচুল উপস্থিত হয়ে এই প্রকল্পের জন্য রাজ্যের পক্ষ থেকে ১ কোটি (১০ মিলিয়ন) ডলার অনুদানের ঘোষণা দেন।
‘ভ্যারাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব কুইন্স’-এর পরিচালনায় নির্মিতব্য এই নতুন সামাজিক কেন্দ্রের জন্য ইতোমধ্যে সরকারি ও বেসরকারি তহবিল থেকে মোট ৩ কোটি ৩৮ লাখ ডলার নিশ্চিত করা হয়েছে। সিটির কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান জানান, ৬ কোটি ডলার বাজেটের এই প্রকল্পের অর্ধেকেরও বেশি অর্থ সংগ্রহ হয়ে গেছে এবং খুব দ্রুতই নির্মাণকাজ শুরু হবে। চলতি দশকের শেষের দিকে এর নির্মাণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পাবলিক স্কুল ‘পিএস ৩৯৮কিউ’-এর বিপরীতে ‘৭০-০২ ৩৪তম অ্যাভিনিউ’-এর স্থানটিতে ৩০,০০০ বর্গফুটের এই চারতলা ভবন তৈরি হবে। এতে সুইমিং পুলের পাশাপাশি বাস্কেটবল কোর্ট, থিয়েটার অডিটোরিয়াম, শিশুদের পাঠদান কক্ষ, প্রবীণদের সুবিধা এবং বিভিন্ন আফটার-স্কুল ও সামার প্রোগ্রামের ব্যবস্থা থাকবে। জ্যাকসন হাইটসে সবুজ জায়গা ও বিনোদনমূলক কেন্দ্রের দীর্ঘদিনের অভাব পূরণে এটি একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

















