ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের কাছে ‘উলফ র্যাঞ্চ’-এ বিশ্বের বৃহত্তম থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প গড়ে উঠেছে। সেখানে রোবট দিয়ে তৈরি অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক ১০০টি বাড়ি তৈরি করা হয়েছে, যেগুলোর দাম গড়ে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ডলারের কাছাকাছি।
বাড়িগুলোর নির্মাণশৈলী সাধারণ বাড়ির মতো নয়। কংক্রিটের একের পর এক স্তর স্তুপ করে তৈরি করার কারণে এগুলোর দেয়াল ঢেউখেলানো ও মজবুত। প্রযুক্তি পেশাজীবী ড্যানিয়েলা গ্লেজ ও তার স্বামী ঐতিহ্যবাহী কাঠের বাড়ির বদলে এই থ্রিডি প্রিন্টেড চার বেডরুমের বাড়িটি কিনেছেন। তাদের মতে, কংক্রিটের তৈরি হওয়ায় বাড়িগুলোতে তাপমাত্রা স্বাভাবিক থাকে, ঘর গরম বা ঠান্ডা রাখতে বিদ্যুৎ খরচ কম হয়, এবং এটি খরা, ঝোড়ো হাওয়া বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে খুবই নিরাপদ ও টেকসই।
এই বাড়িগুলো তৈরি করেছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘আইকন’। তাদের তৈরি বিশেষ মেশিন ‘ভলকান’ টুথপেস্টের মতো করে কংক্রিট মিশিয়ে ধাপে ধাপে এসব দেয়াল তৈরি করে। এই প্রযুক্তিতে বাড়ি তৈরিতে সাধারণ ঘরের তুলনায় সময় প্রায় ৬ সপ্তাহ কম লাগে এবং খরচও গড়ে ৪০ শতাংশ কমে যায়। ঐতিহ্যবাহী ঘরের দেয়াল যেখানে ঘণ্টায় ৪০ মাইল বেগের বাতাস সামলাতে পারে, আইকনের থ্রিডি প্রিন্টেড দেয়াল ঘণ্টায় ১৭৫ মাইল বেগের ঝড় এবং ১৮০ মিনিট পর্যন্ত আগুন প্রতিরোধ করতে সক্ষম।
২০২৪ সালে বিশ্বজুড়ে থ্রিডি প্রিন্টেড বাড়ির বাজার ছিল প্রায় ৬ কোটি ডলারের, যা ২০৩৩ সালের মধ্যে ৪৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আইকন সম্প্রতি ব্ল্যাকরক ও বেইলি জিফোর্ডের মতো প্রতিষ্ঠান থেকে ২০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। তারা শিগগিরই তাদের নতুন রোবট ‘টাইটান’ উন্মোচন করতে যাচ্ছে, যা ২৬ ফুট উঁচু পর্যন্ত কংক্রিটের দেয়াল তৈরি করতে পারবে। আইকনের আশা, এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আবাসন সংকটের সমাধান করবে এবং সাশ্রয়ী মূল্যে মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করবে।

















