ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি-সংবলিত সীমিত সংস্করণের মার্কিন পাসপোর্ট এই গ্রীষ্মে বা সামারে বাজারে আসার ঘোষণার পর, অনেকে ভাবছেন এটিই যাতায়াত দলিলে বা পাসপোর্টের মূল সংস্করণে পরিণত হবে কি না।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই সপ্তাহে ‘ইউএসএ টুডে’-র কাছে নিশ্চিত করেছে যে, এই বিশেষ পাসপোর্টগুলো আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ইস্যু করা হচ্ছে। এতে ট্রাম্পের ছবির পাশাপাশি তার স্বাক্ষর এবং স্বাধীনতার ঘোষণাপত্রও অন্তর্ভুক্ত থাকবে।
মুখপাত্র টমি পিগট বলেন, ‘এই পাসপোর্টগুলোতে কাস্টমাইজড শিল্পকর্ম এবং উন্নত মানের ছবি থাকবে। তবে এতে আগের মতোই একই ধরণের সুরক্ষা বৈশিষ্ট্য বজায় রাখা হবে, যা মার্কিন পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দলিলে পরিণত করেছে।’
আশা করা হচ্ছে, ট্রাম্পের বার্ষিকী-সংক্রান্ত অন্যান্য অনুষ্ঠানের সাথে মিল রেখে এটি জুলাই মাসে বাজারে আসবে।
এই ঘোষণার পর ইন্টারনেটে অনেকেই প্রশ্ন করেছেন, তারা তাদের পাসপোর্ট নবায়নের সময় এই নতুন ডিজাইনটি এড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন কি না।
স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এই বার্ষিকী সংস্করণটি শুধুমাত্র নতুন পাসপোর্টের জন্য আবেদনকারী আমেরিকান নাগরিকদের জন্য ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে সশরীরে উপস্থিত হওয়ার মাধ্যমে সংগ্রহ করা যাবে; এবং এটি স্টকে থাকা পর্যন্তই পাওয়া যাবে।

















