ছবি: সংগৃহীত
বিনা টিকিটে যাতায়াত বা ভাড়া ফাঁকি দেওয়া বন্ধ করতে নিউ ইয়র্ক সিটির আরও ২০টি সাবওয়ে স্টেশনে নতুন কাচের ফেয়ার গেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে এমটিএ। সংস্থাটি জানিয়েছে, গত বছর পরীক্ষামূলকভাবে চালু করা এই গেটগুলোর মাধ্যমে ভাড়া ফাঁকি দেওয়ার প্রবণতা ৩৫ শতাংশ কমেছে এবং বছরে প্রায় ১০০ মিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে।
গত বছরের পাইলট প্রজেক্টে প্রতিটি স্টেশনে একটি করে গেট বসানো হলেও এবার বাছাই করা স্টেশনের সবকটি পুরোনো টার্নস্টাইল সরিয়ে নতুন গেট বসানো হবে। এর মধ্যে ১৪তম স্ট্রিট-ইউনিয়ন স্কয়ার, বেডফোর্ড অ্যাভিনিউ এবং ইয়াঙ্কি স্টেডিয়ামের মতো ব্যস্ত স্টেশনগুলো রয়েছে।
তদন্তে জানা গেছে, নিউ ইয়র্ক সাবওয়েতে প্রতি বছর প্রায় ৩৫০ মিলিয়ন ডলারের ভাড়া ফাঁকি দেওয়া হয়। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান, সাফল্য পাওয়াতেই এই কার্যক্রম আরও বাড়ানো হচ্ছে। চলতি বছরের মধ্যে ৫০টি এবং পর্যায়ক্রমে সবকটি ৪৭২টি স্টেশনে এই গেট বসানোর পরিকল্পনা রয়েছে।
তবে এই প্রকল্প নিয়ে বিতর্কও রয়েছে। ১.১ বিলিয়ন ডলার বাজেটের এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি বছরের মার্চে দেখা যায়, ৩৫ শতাংশ ফাঁকি কমার পরিসংখ্যানটি মাত্র এক সপ্তাহের তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছিল। এছাড়া, সামাজিকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে যাত্রীরা সহজেই এই কাচের দরজার পাশ দিয়ে গলে চলে যাচ্ছে। এমনকি এক শিশু এই গেটে মাথা আটকে আহত হওয়ার পর এর নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

















