ছবি: সংগৃহীত
নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব মোটর ভেহিক্যালের ভারপ্রাপ্ত কমিশনার ক্রিশ্চিয়ান জ্যাকস্ট্যাড-এর নেতৃত্বে এবং ‘গভর্নরস ট্রাফিক সেফটি কমিটি’-এর উদ্যোগে অ্যালকোহল, ক্যানাবিস বা প্রেসক্রিপশন ড্রাগ খেয়ে বিপজ্জনকভাবে গাড়ি চালানো বন্ধে অঙ্গরাজ্যজুড়ে এ যাবৎকালের সবচেয়ে বড় যৌথ অভিযান ও সচেতনতা প্রচার চালু করা হয়েছে।
গভর্নর ক্যাথি হোকুলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, সড়কে মৃত্যুর সংখ্যা শূন্যে নামিয়ে আনা এবং বিপজ্জনক চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এই প্রেক্ষাপটে মেমোরিয়াল ডে, ফোরথ অব জুলাই, লেবার ডে এবং আসন্ন শীতকালীন ছুটির দিনের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ দিনগুলোতে সড়ক পাহারা ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। ২০২৬ সালে এ ধরনের ৮টি বিশেষ অভিযানের মাধ্যমে ইতোমধ্যে ১৫,৭০০টিরও বেশি মামলা দেওয়া হয়েছে।
কনসার্ট ও গ্রীষ্মকালীন বিভিন্ন উৎসবে অপ্রাপ্তবয়স্কদের মদ্যপান ও ভুয়া আইডি কার্ড ব্যবহার রোধে বিশেষ অভিযান চালানো হয়। গত মে মাস থেকে ৩৫টি বড় অনুষ্ঠানে অভিযান চালিয়ে ২৭৯টি সাইটেশন ইস্যু করা হয়েছে এবং ৩১৮টি ভুয়া আইডি জব্দ করা হয়েছে।
মেমোরিয়াল ডে থেকে লেবার ডে পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম, গ্যাস স্টেশন, কনভিনিয়েন্স স্টোর এবং ইয়াঙ্কি স্টেডিয়াম ও সিটি ফিল্ডের মতো বড় খেলার মাঠগুলোতে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় দ্বৈতভাষিক প্রচার চালানো হয়, যা ৭ কোটি ২০ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে।
অ্যালকোহলের সাথে অন্যান্য ওষুধের মিশ্রণে গাড়ি চালানোর মারাত্মক ঝুঁকি তুলে ধরতে বিভিন্ন খেলাধুলার স্টেডিয়ামে সচেতনতামূলক অনুষ্ঠান করা হচ্ছে। এছাড়া স্কুল ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়াতে এমএডিডিও (মাদার্স এগেইনস্ট ড্রাঙ্ক ড্রাইভিং) এবং স্টপ ডিডব্লিউআই নিউ ইয়র্ক-এর মতো সংস্থার সাথে যৌথভাবে কাজ করছে জিডিএসসি।

















