শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

টম ডিনাপোলির নতুন প্রতিবেদন

চলতি বছরে ওয়াল  স্ট্রিটের রেকর্ড আয়

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৭, ৯ অক্টোবর ২০২৬

চলতি বছরে ওয়াল  স্ট্রিটের রেকর্ড আয়

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক স্টেট কম্পট্রোলার টম ডিনাপোলির নতুন প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে ওয়াল স্ট্রিটের মুনাফা দাঁড়ায় রেকর্ড ৪৫.৯ বিলিয়ন ডলারে। প্রবৃদ্ধির এই ধারা বজায় থাকলে ২০২৬ সালে বার্ষিক মুনাফা রেকর্ড ৯০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ওয়াল স্ট্রিটের এই অভাবনীয় সাফল্য ও চড়া বোনাসের ফলে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কর রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ডিনাপোলি ব্যাখ্যা করেন, ওয়াল স্ট্রিটের সুবাতাস সরাসরি অঙ্গরাজ্যের কর রাজস্ব বাড়ায়, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, বয়স্ক ভাতা ও শিশু পরিচর্যার মতো জরুরি জনকল্যাণমূলক কর্মসূচির অর্থায়নে ব্যবহৃত হয়।
খরচের চাপ ও বাজেটে দীর্ঘমেয়াদী ঘাটতি থাকার কারণে ডিনাপোলি ও বাজেটের নজরদারিকারী প্রতিষ্ঠান ‘সিটিজেনস বাজেট কমিশন’-এর প্রধান অ্যান্ড্রু রেইন সতর্ক করেন। তাদের মতে, অর্থনীতি যেকোনো সময় ঘুরে যেতে পারে এবং ওয়াশিংটন থেকে স্বাস্থ্য ও পুষ্টি খাতে অনুদান কমার ঝুঁকি রয়েছে। তাই এই অতিরিক্ত রাজস্ব স্থায়ী খরচে না লাগিয়ে দুর্যোগকালীন তহবিলে জমা রাখা উচিত।
অন্যদিকে, বামঘেঁষা ‘ফিসকাল পলিসি ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক এমিলি আইসনার মনে করেন, ওয়াশিংটনের অনুদান কমার ধাক্কা সামলাতে ও স্থায়ী পরিকাঠামো গড়ে তুলতে এই অর্থ ব্যয় করা উচিত। প্রয়োজনে অতি-ধনী ব্যক্তিদের ওপর অতিরিক্ত আয়কর বসিয়েও রাজস্ব বাড়ানো যেতে পারে।
নিউ ইয়র্কের আসন্ন বাজেট নির্ধারণী প্রক্রিয়ার শুরুতেই এই প্রতিবেদনটি প্রকাশিত হলো। এটি নির্বাচনের বছর হওয়ায় আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে গভর্নর তার নির্বাহী বাজেট প্রস্তাব পেশ করবেন।
 

শেয়ার করুন: