ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোর অত্যন্ত ঘনিষ্ঠ অনুগত মেলিসা ডিরোজার ৭ লাখ ডলারেরও বেশি আইনি বিলের বোঝা থেকে করদাতারা রেহাই পেয়েছেন বলে বুধবার এক বিচারক রায় দিয়েছেন।
বেনামি এক রাজ্য ট্রুপার বা পুলিশ সদস্যের দায়ের করা যৌন হয়রানির মামলা থেকে মেলিসা ডিরোজার নাম বাদ পড়ার পর তার এই বিপুল পরিমাণ আইনি খরচ জমেছিল। রাজ্য কম্পট্রোলার (নিরীক্ষক) অফিস ডিরোজার এই খরচ পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। আলবানি কাউন্টি সুপ্রিম কোর্টের বিচারক ড্যানিয়েল জোসে-ডেকার, কম্পট্রোলারের সেই সিদ্ধান্ত বাতিলের জন্য ডিরোজা এবং তার প্রভাবশালী আইনি দলের করা আবেদনটি খারিজ করে দিয়েছেন।
বিচারক জোসে-ডেকার তার রায়ে লিখেছেন, ‘ভবিষ্যতে মামলা থেকে বাদ পড়ার সিদ্ধান্তটি বাতিল হয়ে যেতে পারত এবং তাই তাদের আইনি প্রতিনিধিত্ব চালিয়ে যেতে হয়েছিল, এমন যেকোনো যুক্তিই অনুমাননির্ভর এবং দূরবর্তী সম্ভাবনা মাত্র।’
ট্রুপার ১ মামলায় ডিরোজার প্রতিনিধিত্ব করার জন্য ‘মরভিলো আব্রামোভিচ গ্র্যান্ড ইয়াসোনি ও অ্যানেলো’ ল ফার্মকে ইতিমধ্যে ১০ লাখ ডলারের কিছু বেশি অর্থ পরিশোধ করা হয়েছে। সামগ্রিকভাবে, কোমোর বিভিন্ন তদন্ত এবং চলমান আইনি লড়াইয়ের পেছনে করদাতাদের এ পর্যন্ত ৬০ মিলিয়ন (৬ কোটি) ডলারেরও বেশি খরচ হয়েছে।
ডিরোজার আইনজীবী ক্যাথরিন ফোটি মিডিয়ার কাছে পাঠানো এক বিবৃতিতে লিখেছেন, ‘অ্যাটর্নি জেনারেলের মারাত্মক ত্রুটিপূর্ণ প্রতিবেদনের সরাসরি ফল হিসেবে, একজন সরকারি কর্মচারীকে ভিত্তিহীনভাবে অভিযুক্ত করা হয়েছিল এবং বছরের পর বছর ধরে মামলার বেড়াজালে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে। ট্রুপার ১-এর উদ্দেশ্যপ্রণোদিতভাবে টাকা হাতিয়ে নেওয়ার নির্লজ্জ চেষ্টা থেকে মিস ডিরোজাকে সঠিকভাবে বাদ দেওয়া হলেও, আদালতের এ সিদ্ধান্তটি আইন বা অতীতের নজিরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’
তিনি আরো যোগ করেন, ‘আমরা আপিলে এ সিদ্ধান্তটি বাতিল হওয়ার অপেক্ষায় আছি।’
২০২১ সালে ক্ষমতা টিকিয়ে রাখার মরিয়া চেষ্টার সময় সাবেক গভর্নরের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগগুলো প্রকাশ্যে আনায়, কোমোর কার্যালয়ের ক্ষমতা ব্যবহার করে প্রতিশোধ নেওয়া হয়েছিল বলে দাবি করেন ‘ট্রুপার ১’। কোমো, ডিরোজা ও আজোপার্ডির বিরুদ্ধে দায়ের করা সেই ফেডারেল যৌন হয়রানি ও বৈষম্যের মামলা থেকে পরে ডিরোজাকে বাদ দেওয়া হয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে বিচারক ডিরোজার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খারিজ করে দিলেও, তার আইনি দলকে মামলার পরবর্তী ঘটনাবলীর জবাব দিতে হয়েছিল। এর মধ্যে অভিযোগগুলো পুনর্বিবেচনার একটি আবেদনও ছিল, যা ২০২৫ সালের এপ্রিলেও খারিজ হয়ে যায়।
কিন্তু রাজ্যের কম্পট্রোলার টম ডিনাপোলির অফিস পরে সিদ্ধান্ত নেয়, ২০২৩ সালের সেপ্টেম্বরে মামলা থেকে বাদ পড়ার পর ডিরোজা আর তার আইনি খরচের টাকা ফেরত পাওয়ার যোগ্য নন।
কম্পট্রোলার দাবি করেন, মামলার তথ্য-প্রমাণ খোঁজার প্রক্রিয়া এবং ১০টি জবানবন্দি গ্রহণসহ বিপুল সংখ্যক আইনি কাজের জন্য এই অর্থ ফেরত চাওয়া হচ্ছিল।
এ বিষয়ে কম্পট্রোলার অফিস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ডিরোজা দীর্ঘদিন ধরে কোমোর সহযোগী হিসেবে কাজ করছেন এবং কোমো ক্ষমতায় থাকাকালে তিনি গভর্নরের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

















