শনিবার, ০৪ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘নিউইয়র্ক-নিউ জার্সি  টানেলের তহবিল  স্থগিত অবৈধ’

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৫, ৪ জুলাই ২০২৬

‘নিউইয়র্ক-নিউ জার্সি  টানেলের তহবিল  স্থগিত অবৈধ’

ছবি: সংগৃহীত

হাডসন নদীর তলদেশ দিয়ে নির্মিতব্য ১৬ বিলিয়ন (১,৬০০ কোটি) ডলারের ‘গেটওয়ে টানেল’ প্রকল্পের জন্য মার্কিন ফেডারেল সরকারকে অবশ্যই অর্থায়ন চালিয়ে যেতে হবে বলে রায় দিয়েছেন একজন ফেডারেল বিচারক। তিনি উল্লেখ করেছেন, এই অর্থপ্রদান বন্ধ করা ছিল আইনের ‘সুস্পষ্ট’ লঙ্ঘন।

ইউএস ডিস্ট্রিক্ট বিচারক জেনেট ভার্গাস সোমবার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবহন বিভাগ বর্ণ বা লিঙ্গ-ভিত্তিক ঠিকাদারি শর্ত নিষিদ্ধ করার একটি নিয়মকে অজুহাত বানিয়ে যখন এই তহবিল স্থগিত করেছিল, তখন তারা সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি। এর আগে, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম এই অবকাঠামো প্রকল্পের অর্থায়ন স্থগিতের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিলেন এই বিচারক, যা গত অক্টোবর থেকে শুরু হয়েছিল।
বিচারক ভার্গাস তার রায়ে গত অক্টোবরে সরকার অচল হয়ে পড়ার (গভর্নমেন্ট শাটডাউন) সময় সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমারের উদ্দেশে দেওয়া ট্রাম্পের একটি বক্তব্য উদ্ধৃত করেন। ট্রাম্প তখন বলেছিলেন : ‘আমরা ২০ বিলিয়ন ডলারের একটি প্রকল্প কেটে দিচ্ছি, যার জন্য শুমার ১৫ বছর ধরে লড়াই করেছেন, এবং আমি এই প্রকল্প বাতিল করছি। প্রকল্পটি পুরোপুরি ভ-ুল হয়ে যাবে।’
নিউ ইয়র্ক এবং নিউ জার্সির করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ভার্গাস এই রায় মঞ্জুর করেন। নিউ ইয়র্কের ফেডারেল আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন দুই অঙ্গরাজ্যের গভর্নররা।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে একটি ফেডারেল আদালত আবারো আমাদের সাথে একমত হয়েছে, গেটওয়ে টানেল প্রকল্পের জন্য কোটি কোটি ডলারের অনুদান স্থগিত করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি স্পষ্টতই অবৈধ। এই বিজয় একটি পরিষ্কার বার্তা দিচ্ছে : গেটওয়ে প্রকল্পের তহবিল বন্ধ করার ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা টিকবে না।’
প্রকল্পটির উন্নয়নকারী প্রতিষ্ঠান ‘গেটওয়ে ডেভেলপমেন্ট কমিশন’ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে তহবিল আবার চালু হওয়ার পর থেকে টানেলের কাজে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। জিডিসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন রিনাল্ডি বলেন, ‘আমরা আমাদের ফেডারেল অংশীদারদের সাথে কাজ চালিয়ে যাব যাতে এই তহবিলের প্রাপ্যতা বজায় থাকে, শ্রমিকরা তাদের কাজে বহাল থাকতে পারেন এবং জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়া যায়।’
এ বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন বিচার বিভাগে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। মামলাটি নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে ‘স্টেট অব নিউ জার্সি অ্যান্ড স্টেট অব নিউ ইয়র্ক বনাম ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন’ (মামলা নম্বর : ২৬-পা-৯৩৯) নামে নথিবদ্ধ রয়েছে।
 

শেয়ার করুন: