ছবি: সংগৃহীত
গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সাথে সাথে নিউইয়র্ক সিটির বিনা ব্যয়ে শিক্ষামূলক ও মেধা বিকাশমূলক কর্মসূচি ‘সামার রাইজিং’ পুরোদমে শুরু হয়েছে।
ইস্ট হারলেমের ‘পি.এস. ১৪৬’ স্কুলের শিশুরা এই গ্রীষ্মের ছুটিতে ঘুমিয়ে সময় না কাটিয়ে স্কুলে আসাকেই বেছে নিয়েছে। ৮ বছর বয়সী আইসাত গুয়েই, যে আগামী শরতে চতুর্থ শ্রেণিতে উঠতে যাচ্ছে, সে বলে, ‘আমি ভীষণ রোমাঞ্চিত।’
গ্রীষ্মের ছুটিতে স্কুলে আসা নিয়ে নিজের অনুভূতির কথা জানায় ৮ বছর বয়সী ব্রায়ান ফরচুনও। কেমন লাগছে জানতে চাইলে সে এনওয়াই১-কে বলে, ‘বেশ ভালোই লাগছে, কারণ আমি এখানে অনেক মজার মজার কাজ করতে পারি।’
‘সামার রাইজিং’ কর্মসূচিটি পুরো শহরের তরুণ শিক্ষার্থীদের জন্য একটি ক্যাম্প বা শিবিরের মতো পরিবেশ তৈরি করে। তবে এটি কেবল পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এখানে শিশুরা খেলাধুলা, শিল্প ও কারুশিল্প (আর্টস অ্যান্ড ক্রাফটস) এবং নগরীর বিভিন্ন পার্ক ও জাদুঘরে শিক্ষামূলক ভ্রমণেও অংশ নেয়। চতুর্থ শ্রেণিতে উঠতে যাওয়া ফরচুন গত বছরের কর্মসূচিতে পুলে সাঁতার কাটার একটি দিন মিস করেছিল, তাই এবার সে পুরোপুরি মেতে উঠতে প্রস্তুত।
সে বলে, ‘গত বছর ওরা একটা ট্যুরে গিয়েছিল। আমি যেতে পারিনি কারণ আমাকে অনুমতির ফর্ম (পারমিশন স্লিপ) দেওয়া হয়নি। সেটা একটা সুইমিং পুল ছিল, হ্যাঁ, সুইমিং পুলই ছিল। ফর্ম না পাওয়ায় আমার আর যাওয়া হয়নি।’
কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ‘সামার রাইজিং’ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এটি যৌথভাবে আয়োজন করে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস, ডিপার্টমেন্ট অব ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট এবং বিভিন্ন স্থানীয় সামাজিক সংগঠন। বর্তমানে পুরো নগরীজুড়ে ১ লাখ ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী এতে নিবন্ধিত রয়েছে।
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ইয়ুথ অ্যান্ড কমিউনিটির কমিশনার স্যান্ড্রা এসকামিলা-ডেভিস বলেন, ‘এটি মূলত শিশুদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার একটি প্রয়াস। আরেকটি বিষয় যা আমার খুব ভালো লাগে তা হলো, এখানে তারা যে সম্পর্কগুলো তৈরি করে এবং তা ঝালিয়ে নেওয়ার যে সময় পায়, তা তাদের নিজস্ব ব্যক্তিত্ব গঠনে দারুণ সাহায্য করে। এটা কেবল অন্য শিশুদের সাথেই নয়, বরং তাদের যতœ নেওয়া বড়দের সাথেও ঘটে, যারা তাদের পথ চলতে এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে সাহায্য করেন।’
গত বছর সামার রাইজিং-এ ১ লাখ ১৬ হাজারেরও বেশি শিশু অংশ নিয়েছিল, যা তার আগের বছরের ১ লাখ ১১ হাজারের চেয়ে বেশি।

















