ছবি সংগৃহীত
লন্ড্রি কার্টের ব্যাগে করে ১৫ লাখ ডলারের অবৈধ নগদ অর্থ সরানোর সময় পুলিশের হাতে ধরা পড়েছেন নিউ ইয়র্ক সিটির এক যুগল। সোমবার দুপুরে রিভারসাইড ড্রাইভের ফুটপাত দিয়ে ঠেলাগাড়িতে (লন্ড্রি কার্ট) ভরে ওই অর্থ একটি গাড়িতে তোলার সময় নজরদারিতে থাকা গোয়েন্দারা জন মোরালেস (৩০) এবং আমিয়া ডগলাসকে (২১) আটক করেন।
নিউ ইয়র্ক সিটির বিশেষ মাদক প্রসিকিউটরের কার্যালয় জানায়, মাদক পাচারের অভিযোগে নিউ জার্সির ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) আগে থেকেই এই যুগলের ওপর নজর রাখছিল। পরে পরোয়ানা নিয়ে রিভারসাইড ড্রাইভে তাদের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে আরো ১৫ লাখ ডলার নগদ অর্থ, প্রায় ৩০ লাখ ডলার মূল্যের আট পাউন্ডের বেশি কোকেন, ফেন্টানিল ও হেরোইন এবং চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র (তিনটি পিস্তল ও একটি রিভলভার) জব্দ করা হয়।
বিশেষ মাদক প্রসিকিউটর ব্রিজেট ব্রেনান বলেন, ‘দিনের আলোয় আবাসিক এলাকার ফুটপাত দিয়ে ঠেলাগাড়িতে করে লাখ লাখ অবৈধ ডলার নিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা আইন ও জননিরাপত্তার প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে।’
মঙ্গলবার রাতে ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে মাদক ও অস্ত্র মামলায় তাদের অভিযুক্ত করা হয়। আদালত মোরালেসের জন্য ৩ লাখ ডলার নগদ জামিন (বা ৯ লাখ ডলার বন্ড) এবং ডগলাসের জন্য ১ লাখ ডলার নগদ জামিন (বা ৩ লাখ ডলার বন্ড) নির্ধারণ করেছেন।

















