শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সব খরচ বহন করছে ফাউন্ডেশন

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২১ নভেম্বর

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:১১, ১৩ নভেম্বর ২০২৬

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২১ নভেম্বর

ছবি সংগৃহীত

কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ০৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি-২০২৬’ অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর ২০২৬ ইংরেজি, শনিবার। এ লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিকৃ নেতৃবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সমন্বয়ে একটি বৃত্তি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 

বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়ালেখায় উৎসাহ প্রদানে এ মেধা বৃত্তি চালুর উদ্যোগ  গ্রহণ করা হয়েছে। বৃত্তির সম্পূর্ণ খরচ বহন করবে সাগর গ্রুপ এবং সাগর ফাউন্ডেশন।  বৃত্তির জন্য জনপ্রতি নামমাত্র ৫০ টাকা শুভেচ্ছা ফি নেয়া হচ্ছে। এই ফিসও বৃত্তি পরীক্ষার দিন এক জন গরীব মেধাবী শিক্ষার্থীর হাতে তুল দেয়া হবে। 
তিনি জানান, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী তৃর্তীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ৯০ জন শিক্ষার্থীর সকলকেই সনদ এবং সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত ৩০জন শিক্ষার্থী উপহার হিসেবে পাবে আর্থিক অনুদান, মেডেল, সনদ এবং স্কুল ব্যাগ। বেস্ট স্টুডেন্টকে দেয়া হবে ক্রেস্ট। অংশগ্রহণকারী স্কুলগুলোকেও দেয়া হবে ক্রেস্ট। 
এরফানুল কবির জানান, বৃত্তির এ আয়োজনে পরিচালনা কমিটির সম্মানি, বৃত্তির অর্থ, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্টদের আপ্যায়নসহ সব খরচ বহন করবে সাগর ফাউন্ডেশন। বৃত্তি পরীক্ষার পরীক্ষক এবং খাতা দেখার দায়িত্ব দেয়া হবে পাশ্ববর্তী ইউনিয়নের বিদ্যালয়গুলোর শিক্ষকদের। যাতে করে স্বচ্ছতার মাধ্যমে ফলাফল প্রকাশ করা যায়। 
বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ জানান, সাগর ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জনহিতৈষীমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এটির কার্যালয় নিউইয়র্কে এবং এটি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সাগর গ্রুপের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সাগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাব উদ্দিন সাগর একজন প্রতিথযশা সাংবাদিক, সম্পাদক এবং নিউইয়র্কের অগ্রবর্তী অংশের প্রতিনিধিত্বশীল কমিউনিটি নেত এবং সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি  কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজার পাড়া। তাঁর সাংবাদিকতার শেকড় এবং হাতেখড়ি চকরিয়া, কক্সবাজার তথা বাংলাদেশ। তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও শেকড়ের কথা ভুলেননি। ফলে শাহাব উদ্দিন সাগর এলাকাবাসীর জন্য নীরবে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরীবদের মাঝে নানা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। এবার তিনি বৃত্তি পরীক্ষার আয়োজন করছে। 
আমান উল্লাহ আরো জানান, এবারের বৃত্তি পরীক্ষার কেন্দ্রে নির্ধারণ করা হয়েছে, মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর সকাল ১০ টায় এবং ফলাফল প্রকাশ করা হবে দুপুর ২ টায়। এর পরপরই পুরস্কার বিতরণ করা হবে। পুরো বৃত্তি পরীক্ষার খরচ বহন করছে সাগর ফাউন্ডেশন ও সাগর গ্রুপের কর্ণধার শাহাব উদ্দিন সাগর। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য আপ্যায়নের ব্যবস্থাও করবে সাগর ফাউন্ডেশন। 
 

শেয়ার করুন: