ছবি সংগৃহীত
গত শিক্ষাবর্ষের কোনো না কোনো সময়ে নিউইয়র্ক সিটির প্রতি ৮ জন সরকারি স্কুল শিক্ষার্থীর ১ জন গৃহহীন অবস্থায় দিন কাটিয়েছে। এর মোট সংখ্যা প্রায় ১ লাখ ৩৮ হাজার, যা আগের বছরের (১ লাখ ৫৪ হাজার) তুলনায় কিছুটা কম হলেও এখনো উদ্বেগজনক।
টানা ১১ বছর ধরে শহরটির ৫টি বরো জুড়ে ১ লাখের বেশি শিক্ষার্থী গৃহহীনতার শিকার। ‘অ্যাডভোকেটস ফর চিলড্রেন’ সংস্থার তথ্য অনুযায়ী, এই শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫০,৭০০ জন আশ্রয়কেন্দ্রে এবং ৮১,১০০ জন সাময়িকভাবে অন্যদের বাড়িতে থেকে পড়াশোনা চালিয়েছে। অভিবাসন সংকট নিরসনে বেশ কিছু বড় আশ্রয়কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এ বছর আশ্রয়কেন্দ্রে থাকা শিক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ কমেছে।
স্কুল চ্যান্সেলর কামার স্যামুয়েলস জানান, গৃহহীন শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার সাথে যৌথভাবে কাজ করা হচ্ছে। তবে পরিসংখ্যানে দেখা গেছে, আশ্রয়কেন্দ্রে থাকা শিক্ষার্থীদের ৬০ শতাংশের বেশি নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকে এবং প্রতি ৫ জনের ১ জন শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে অন্য স্কুলে বদলি হতে বাধ্য হয়।
মূলত দূরবর্তী আশ্রয়কেন্দ্রে জায়গা দেওয়া এবং সিটি বাস পরিবহনে চরম বিলম্বের কারণে দীর্ঘ যাতায়াত সহ্য করতে না পেরে বহু শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়ছে। সংস্থাটির প্রকল্প পরিচালক জেনিফার প্রিংলে জানান, আশ্রয়কেন্দ্রে ওঠার পর বাস সুবিধা পেতেই কমপক্ষে এক মাস লেগে যায়, যা একজন শিশুর পড়াশোনার জন্য অত্যন্ত ক্ষতিকর।

















