ছবি সংগৃহীত
নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ক্লাস এখন আর চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকছে না। শহরের নদী-প্রণালী ও সামুদ্রিক পরিবেশ সম্পর্কে শেখাতে আগামী বছর থেকে শিক্ষার্থীদের সরাসরি ‘নিউ ইয়র্ক সিটির ফেরি’তে ভাসমান ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে।
এই নতুন ‘ভাসমান শ্রেণিকক্ষ’ উদ্যোগের মাধ্যমে ‘কে-১২’ স্তরের হাজার হাজার শিক্ষার্থী ব্যস্ততাহীন সময়ে নিউ ইয়র্ক বন্দরে ৯০ মিনিটের একটি করে ইন্টারঅ্যাকটিভ নৌযাত্রায় অংশ নেওয়ার সুযোগ পাবে। গত সোমবারে প্রজেক্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করে উদ্যোক্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে এটিই প্রমাণিত হয় যে ‘পুরো শহরই একটি শ্রেণীকক্ষ হতে পারে।’
‘বিলিয়ন ওয়েস্টার প্রজেক্ট’, ‘এনওয়াইসি ফেরি’, ‘নিউ ইয়র্ক সিটি ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন’ এবং ‘হর্নব্লোয়ার গ্রুপ’-এর যৌথ অংশীদারিত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এই প্রোগ্রামে লেবার ডে থেকে মেমোরিয়াল ডে পর্যন্ত প্রতিদিন দুটি ফেরিতে প্রায় ৩০০ শিক্ষার্থী ও শিক্ষক ভ্রমণ করতে পারবেন।
ফেরিতে শিক্ষকরা শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে সামুদ্রিক জীবন, জলবায়ুর সহনশীলতা এবং বন্দরের পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বাস্তবমুখী শিক্ষা দেবেন। শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরে গিয়ে লাইভ সামুদ্রিক জীব (যেমন : জীবিত ঝিনুক বা ওয়েস্টার) স্পর্শ করা, পানির গুণমান পরীক্ষা করা এবং নৌ-চার্ট দেখার মতো সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
২০৩০ সালের মধ্যে ১০ লাখ শিক্ষার্থীকে যুক্ত করার লক্ষ্য নিয়ে ‘বিলিয়ন ওয়েস্টার প্রজেক্ট’ আশা করছে, এই ফেরি-ভিত্তিক ক্লাসগুলোতে প্রতি বছর ১০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। ২০১৭ শিক্ষাবর্ষের এই নৌযাত্রায় অংশ নিতে আগ্রহী শিক্ষকরা ‘বিলিয়ন ওয়েস্টার প্রজেক্ট’-এর ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন।

















