ছবি সংগৃহীত
নিউইয়র্ক অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতা কমানোর উদ্যোগ জোরদার করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রায় ৩ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল।
বৃহস্পতিবার হোকুল জানান, অঙ্গরাজ্যের ২১টি কাউন্টির বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে মোট ৩ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৯৮৩ ডলার বিতরণ করা হয়েছে।
গভর্নরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যের বন্দুক-সহিংসতা নির্মূল কর্মসূচির আওতাভুক্ত এলাকাগুলোতে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আহত হওয়ার ঘটনা ঘটেছে এমন গুলিবর্ষণ গত বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমেছে।
এ ছাড়া কর্মসূচিতে অংশ নেওয়া ১৩টি পুলিশ বিভাগ ২০২৬ সালের আগস্ট পর্যন্ত আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত কোনো মৃত্যুর ঘটনা রেকর্ড করেনি। এসব বিভাগের মধ্যে মাউন্ট ভার্নন, নিউবার্গ, শেনেকট্যাডি, ইউটিকা ও ওয়াটারটাউন রয়েছে।
নিউইয়র্ক সিটির বাইরে অঙ্গরাজ্যের বন্দুক-সহিংসতা নির্মূল কর্মসূচির আওতায় রয়েছে ২৮টি পুলিশ সংস্থা। এর পাশাপাশি জেলা অ্যাটর্নির কার্যালয়, প্রবেশন বিভাগ এবং শেরিফের কার্যালয়ও এ উদ্যোগের অংশ।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের অপরাধ বিচারসেবা বিভাগের কমিশনার রোসানা রোসাডো বলেন, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে বন্দুক সহিংসতা কমানোর কৌশল বাস্তবায়নে অর্থায়ন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
অঞ্চলভিত্তিক বরাদ্দের মধ্যে ওয়েস্টার্ন নিউইয়র্ক পেয়েছে ৯০ লাখ ১৪ হাজার ১৮৫ ডলার। ফিঙ্গার লেকস অঞ্চলে দেওয়া হয়েছে ৬৫ লাখ ৭৯ হাজার ৪৮৬ ডলার এবং ক্যাপিটাল অঞ্চলে বরাদ্দ হয়েছে ৫১ লাখ ২ হাজার ৮৯৬ ডলার।
মিড-হাডসন অঞ্চলে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৪ লাখ ১৯ হাজার ৬০৭ ডলার। সেন্ট্রাল নিউইয়র্ক পেয়েছে ৩৫ লাখ ৯৮ হাজার ১২৭ ডলার এবং লং আইল্যান্ডের জন্য বরাদ্দ হয়েছে ২৬ লাখ ১৮ হাজার ৬২৫ ডলার।
এ ছাড়া সাউদার্ন টিয়ার পেয়েছে ১৬ লাখ ৬৭ হাজার ৭৭৪ ডলার, মোহক ভ্যালি ১৫ লাখ ৩৯ হাজার ২৫৬ ডলার এবং নর্থ কান্ট্রি অঞ্চলে বরাদ্দ হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৭ ডলার।
এই অর্থ নিউইয়র্ক অঙ্গরাজ্যের বন্দুক-সহিংসতা নির্মূল কর্মসূচির আওতায় স্থানীয় পর্যায়ে সহিংসতা কমানোর বিভিন্ন উদ্যোগে ব্যবহার করা হবে।

















