শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ফ্লোরিডায় হাতুড়ি  দয়ে পিটিয়ে  হত্যা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৬, ১০ এপ্রিল ২০২৬

ফ্লোরিডায় হাতুড়ি  দয়ে পিটিয়ে  হত্যা

ছবি: সংগৃহীত

ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ। বর্তমানে তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে। নিহত নীলুফার ইয়াসমিন মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ এপ্রিল শনিবার সাউথ ফ্লোরিডার মুসলিম কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

দোকানটির ম্যানেজার ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপু গণমাধ্যমকে জানান, ৪৮ বছর বয়সী নীলুফার প্রায় তিন মাস আগে ওই দোকানে যোগ দেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি দুই কন্যাসন্তানের জননী-যাদের বয়স ১৬ ও ২০ বছর।
দোকানসংলগ্ন স্থাপনার মালিক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ জানান, দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ৩১ মার্চ সকাল ১০টার দিকে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন এটিএম মেশিন থেকে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করেন। জবাবে নীলুফার ইয়াসমিন জানান, এটি তার মেশিন নয় এবং তিনি কোনো অর্থ দিতে পারবেন না।
এরপর অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান।এরপর ২ এপ্রিল ভোর সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজ শেষে নীলুফার ইয়াসমিন দোকানের বাইরে গাড়ি ভাঙচুরের শব্দ শুনে বের হয়ে আসেন। তিনি এগিয়ে গিয়ে কী ঘটছে জানতে চাইলে অভিযুক্ত জোয়াচিন ‘আমার টাকা দাও’ বলে চিৎকার করে তার ওপর হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সকাল ৭টা ১৪ মিনিটে অভিযুক্ত ব্যক্তি প্রথমে নীলুফারের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করে। এরপর তিনি বাইরে এলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনার পর ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস (ইএমএস) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফার ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ফোর্ট মায়ার্স পুলিশ তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় কারও কাছে অতিরিক্ত তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।জানা গেছে, অভিযুক্ত জোয়াচিন (৪০) একজন গৃহহীন ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
 

শেয়ার করুন: