শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাংলাদেশি বাবা-ছেলেসহ  নিহত তিন

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৪, ১০ এপ্রিল ২০২৬

বাংলাদেশি বাবা-ছেলেসহ  নিহত তিন

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক রাজ্যের আপস্টেট অঞ্চলে রাজধানী আলবানীর কাছাকাছি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন, যাদের মধ্যে রয়েছে এক বছর বয়সী একটি শিশু ও নারী রয়েছেন। নিহতদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ক্ল্যাভারাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা নিউইয়র্ক সিটির ব্রঙ্কস থেকে আপস্টেট যাচ্ছিলেন এবং তাদের দেশের বাড়ী কুমিল্লা বলে জানা গেছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- লাউডনভিলের বাসিন্দা নাজমুল রুবেল (২৯), ব্রঙ্কসের মোহাম্মদ হেরামন (৬০) ও ফাহিম হালিম (২৫)। তারা তিনজন বাংলাদেশী ও অপর একজন ৬২ বছর বয়সী জুলিয়া রিচি। 
কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, ক্লেভেরাক এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও দুইজন গুরুতরভাবে আহত হন। সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার ঠিক আগে ভ্যান উইক লেনের কাছে স্টেট রুট ৯এইচ-এ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।পুলিশ জানায়, ২০০৯ মডেলের টয়োটা প্রিয়াসস্টেট রুট ৯এইচ ধরে উত্তর দিকে যাচ্ছিলো। গাড়ীটি চালাচ্ছিলেন নাজমুল রুবেল। হঠাৎ তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ২০২৫ মডেলের টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে তার গাড়ির সরাসরি সংঘর্ষ হয়।
নিহতের ছোট ভাই মোহাম্মদ আজমুল রাব্বি মিডিয়ার সাথে আলাপকালে জানান, নিউইয়র্ক সিটি থেকে আলবানী যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার বাবা মোহাম্মদ হিরামন, বড় ভাই নাজমুল এম. রুবেল এবং তার প্রিয় বন্ধু ফাহিম হালিম নিহত হয়েছেন। রাব্বি আরও জানান, গাড়িতে থাকা তার বোন ফাতিমা আক্তার (৩৩) এবং এক বছরের ভাতিজি ইকরা আয়াতও ওই দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তারা আলবানী মেডিক্যাল সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত টয়োটা ক্রাউন গাড়িটির চালক লুক পালভেনিয়ানকে (২৪) অ্যাম্বুলেন্সে করে আলবানী মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ক্রাউন গাড়িটিতে থাকা ৬২ বছর বয়সী নারী জুলিয়া রিচিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
কলম্বিয়া কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ডেপুটি, তদন্তকারী এবং শেরিফের কার্যালয়ের দুর্ঘটনা তদন্তকারী দল দুর্ঘটনাটি তদন্ত করছে। ঘটনার ভয়াবহতা সম্পর্কে শেরিফ জ্যাকি সালভাতোরে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই আশপাশের অনেক বাসিন্দা শব্দ শুনে ছুটে আসেন। উদ্ধার কাজে স্থানীয় ফায়ার সার্ভিস ও রেসকিউ ইউনিট অংশ নেয়। দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।সড়ক দুর্ঘটনায় নিহতদের নামাজে জানাজা বুধবার (৮ এপ্রিল) বাদ জোহর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টার (২৩৫১ নিউবোল্ড অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২)-এ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
 

শেয়ার করুন: