ছবি: সংগৃহীত
ইরানের সাথে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প রাজি হওয়ার খবরে বুধবার মার্কিন শেয়ার বাজারে বড় ধরনের উত্থান ঘটেছে। একইসাথে মহামারির পর তেলের দামে এক দিনে সর্বোচ্চ পতন ঘটেছে।
শেয়ার বাজারের চিত্র
বুধবার ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১,৩২৫ পয়েন্ট বা ২.৯% বেড়ে ৪৭,৯০৯.৯২ পয়েন্টে পৌঁছায়, যা ২০২৫ সালের এপ্রিলের পর বাজারের সেরা দিন। এছাড়া এসঅ্যান্ডপি ৫০০ ২.৫% এবং নাসডাক ২.৮% বৃদ্ধি পেয়েছে।
তেলের বাজারে ধস
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১৩% কমে ৯৬.৩১ ডলারে নেমে এসেছে, যা গত এক মাসের মধ্যে সর্বনি¤œ। বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে ইরান সাময়িকভাবে জাহাজ চলাচলের অনুমতি দেবে, এমন খবরের পরই বাজারে এই প্রভাব পড়ে।
ফেড রেট ও বিনিয়োগকারীদের প্রত্যাশা
বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে এবং মুদ্রাস্ফীতি এড়ানো যাবে, এমন আশায় বিনিয়োগকারীরা এখন বাজি ধরছেন যে ফেডারেল রিজার্ভ এ বছর অন্তত একবার সুদের হার কমাবে। মঙ্গলবার যেখানে এই সম্ভাবনা ছিল ১৪%, বুধবার তা বেড়ে ৪৩%-এ দাঁড়িয়েছে।
অনিশ্চয়তা ও জটিলতা
তবে ইরানের নৌবাহিনী বুধবার হুমকি দিয়েছে, অনুমতি ছাড়া কেউ এই প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে তারা আক্রমণ করবে। এছাড়া শোনা যাচ্ছে, নিরাপদ যাতায়াতের জন্য ইরান জাহাজ প্রতি ২০ লাখ ডলার পর্যন্ত ফি দাবি করেছে, যা অপরিশোধিত তেল প্রবাহকে আরও জটিল করে তুলতে পারে। জ্বালানি বিশেষজ্ঞরা মিডিয়াকে জানিয়েছেন, প্রণালী খোলা থাকলেও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল হতে কয়েক মাস সময় লাগতে পারে।
বিশেষজ্ঞদের মত
এডওয়ার্ডস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা রবার্ট এডওয়ার্ডস বলেন, ‘যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সব খুঁটিনাটি চূড়ান্ত হওয়ার আগেই শেয়ার বাজার আরো উর্ধ্বমুখী হতে পারে। উত্তজনা প্রশমনের সামান্য ইঙ্গিতই বাজারের ভীতি কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট।’
অন্যদিকে, মাহনি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও কেন মাহনি মনে করেন, বাজারের এই উল্লম্ফনের পর আবার কিছুটা দরপতন হতে পারে। তিনি বলেন, ‘আসল পরীক্ষা হবে যখন বাজার আবার কমতে শুরু করবে। আমরা চাই বাজার একটি স্থিতিশীল অবস্থায় আসুক।’ তার মতে, আগামী ২ থেকে ৪ সপ্তাহ বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
ট্রাম্পের ঘোষণা ও যুদ্ধবিরতির শর্ত
ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে বোমাবর্ষণের সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে মঙ্গলবার রাতে ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প এই দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রাম্প লেখেন, ‘আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি।’ তবে তিনি শর্ত দেন যে, হরমুজ প্রণালী ‘পুরোপুরি, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে’ খুলে দিতে হবে। তিনি আরো জানান যে, ইরানের পক্ষ থেকে ১০ দফার একটি প্রস্তাব পাওয়া গেছে যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে।
ইরান ও ইসরাইলের অবস্থান
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুই সপ্তাহের জন্য প্রণালী খুলে দিতে রাজি হয়েছে, তবে এটি কোনো পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নয়। প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলও এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
বুধবার সকালে ট্রাম্প আরেকটি পোস্টে জানান, এই চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের সাথে কাজ করে সেখানে ‘গভীরভাবে সমাহিত পারমাণবিক ধূলিকণা’ (নিউক্লিয়ার ডাস্ট) সরিয়ে ফেলতে সহায়তা করবে, যা বিনিয়োগকারীদের মধ্যে বাড়তি আশার সৃষ্টি করেছে।
ব্যবসায়ীরা পারস্য উপসাগরে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার অপেক্ষায় থাকলেও বিশ্লেষকরা সতর্ক করেছেন, বিমান হামলায় মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোর যে ক্ষতি হয়েছে, তা মেরামত করতে সময় ও অর্থ উভয়ই লাগবে। ফলে তেল ও গ্যাসের দাম এখনই খুব বেশি কমার সম্ভাবনা কম।

















