সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কুইন্স প্যালেসে নেমেছিল আনন্দবান

ড্রামা সার্কল’র বর্ণিল বাংলা বর্ষবরণ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:১৬, ১৭ এপ্রিল ২০২৬

ড্রামা সার্কল’র বর্ণিল বাংলা বর্ষবরণ

ছবি - নবযুগ

বর্ণিল আয়োজনে প্রতি বছরের  মতো এবারও বাংলা বর্ষবরণ উদযাপন করেছে ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ড্রামা সার্কল-নিউইয়র্ক। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি একটি অনন্য ঐতিহ্য ধরে রেখেছেÑপহেলা বৈশাখের দিনেই বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন। সময়ের সাথে সাথে অনেক আয়োজনের ধরন বদলালেও, পহেলা বৈশাখের দিনটিকে কেন্দ্র করেই উৎসব উদযাপনের এই ধারাবাহিকতা ড্রামা সার্কলকে আলাদা মর্যাদা দিয়েছে প্রবাসী সমাজে।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে গত ১৪ এপ্রিল, মঙ্গলবার পহেলা বৈশাখে উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হলো ড্রামা সার্কল নিউইয়র্কের আয়োজনে বর্ষবরণ ১৪৩৩। বিকেল থেকেই রঙ-বেরঙের বৈশাখী সাজে সেজে শতশত প্রবাসী বাঙালির উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
লাল-সাদা পোশাক, শাড়ি-পাঞ্জাবি আর বাঙালিয়ানার ঐতিহ্যবাহী সাজে যেন এক টুকরো বাংলাদেশ ধরা দেয় নিউইয়র্কের মাটিতে। অনুষ্ঠান শুরু হয় ঠিক সন্ধ্যা ৭টায় পান্তা-ইলিশ ভোজের মাধ্যমে-যা পহেলা বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণ। এই ভোজের উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা. দিলরুবা হোসেন, আলী শিকদার ও শাহাব উদ্দিন সাগর। প্রবাসের ব্যস্ত জীবনে এই পান্তা-ইলিশ যেন সকলকে ফিরিয়ে নেয় শিকড়ের টানে, গ্রামের উঠোনে, বাংলা নববর্ষের চিরচেনা স্মৃতিতে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় নববর্ষের শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক পর্ব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি নার্গিস আহমেদ এবং বর্তমান সভাপতি আবীর আলমগীর। তারা তাদের বক্তব্যে ড্রামা সার্কলের দীর্ঘ পথচলা, প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার গুরুত্ব এবং নতুন প্রজন্মের মাঝে এই ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সভাপতি আতাউর রহমান সেলিম, উৎসব গ্রুপের প্রধান রায়হান জামান, ঠিকানার সম্পাদকম-লীর সভাপতি এম এম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ফারুক ভূঁইয়া, বাংলা পত্রিকা ও টাইম টিভির সম্পাদক আবু তাহের, সাগর ফাউন্ডেশনের প্রধান শাহাব উদ্দিন সাগর, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, কাহিনীক-এর সিইও ইফতেখার ইভান এবং এফএমএস গ্রুপের প্রধান হোসেন জব্বার শৈবাল।
সাংস্কৃতিক আয়োজনে ছিল বৈচিত্র্য ও প্রাণবন্ত উপস্থাপনা। সংগীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, কান্তা আলমগীর, ফারহানা তুলি, জাফরিন আবেদীন, ফারহানা মমো, আনোয়ারা আনা ও শায়ান। নৃত্য পরিবেশন করে জারিন মাইশা, অন্তরা সাহা এবং নীলা ড্যান্স একাডেমির শিল্পীরা।
কবিতা আবৃত্তি করেন ফারুক আজম। অনুষ্ঠান উপস্থাপনা করেন আদিবা জহির ও আবার আলমগীর। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আন্তরিকতা এবং মিলনমেলার আবহ। প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন শুধু বিনোদনের নয়Ñএটি হয়ে ওঠে শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তিন দশকেরও বেশি সময় ধরে পহেলা বৈশাখের দিনেই বর্ষবরণ আয়োজনের এই ধারাবাহিকতা ধরে রেখে ড্রামা সার্কল নিউইয়র্ক আবারও প্রমাণ করলোÑপ্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং আবেগকে বাঁচিয়ে রাখা সম্ভব, যদি থাকে আন্তরিকতা ও ভালোবাসা। 
 

শেয়ার করুন: