শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

২৭০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার প্রশিক্ষণ

কার ইন্স্যুরেন্স জালিয়াতির বিরুদ্ধে অভিযান শিগগরই

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ২৪ জুলাই ২০২৬

কার ইন্স্যুরেন্স জালিয়াতির বিরুদ্ধে অভিযান শিগগরই

ছবি: সংগৃহীত

গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা করেছেন, অ্যালবানির নিউইয়র্ক স্টেট পুলিশ একাডেমিতে অটো ইন্স্যুরেন্স বা গাড়ি বিমা জালিয়াতি এবং সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণে ৫৫টি সংস্থার প্রায় ২৭০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা অংশ নিয়েছেন।

নিউইয়র্ক স্টেট পুলিশ এবং নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর যৌথ পরিচালনায় এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তদন্তকারী ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী পেশাদারদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা গাড়ি বিমা জালিয়াতিসহ অন্যান্য আর্থিক অপরাধগুলো আরো ভালোভাবে শনাক্ত, তদন্ত ও বিচারপ্রক্রিয়ার আওতায় আনতে পারেন। এই যৌথ উদ্যোগটি বীমা জালিয়াতি দমন এবং নিউ ইয়র্কবাসীদের জন্য গাড়ি বীমার খরচ কমানোর ক্ষেত্রে গভর্নরের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করে।
গভর্নর হোকুল বলেন, ‘নিউইয়র্কে গাড়ি বিমা জালিয়াতির সন্দেহভাজন ঘটনা এবং এর ফলে আইন মেনে চলা গাড়ি মালিকদের ওপর আসা দুর্ভোগের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আমাদের সহযোগীদের সাথে নিয়ে আমরা আইন প্রয়োগ করছি, নিউইয়র্কবাসীদের বাড়তি খরচের হাত থেকে রক্ষা করছি এবং এটি স্পষ্ট করে দিচ্ছি যে, এই রাজ্যের কোথাও জালিয়াতি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহকর্মীদের সমর্থন দেওয়া এবং এই ক্ষতিকারক অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় সব রসদ জোগাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
নিউ ইয়র্ক স্টেট পুলিশ সুপারিনটেনডেন্ট স্টিভেন জি. জেমস বলেন, ‘অটো ইন্স্যুরেন্স জালিয়াতি কোনো ছোটখাটো অপরাধ নয়, এর পেছনের অপরাধীরা সংঘবদ্ধ ও সুপরিকল্পিতভাবে কাজ করে এবং এটি প্রায়ই অন্যান্য অপরাধমূলক কর্মকা-ের সাথে যুক্ত থাকে। এই প্রশিক্ষণ সংস্থাগুলোর মধ্যকার পারস্পরিক সহযোগিতা বাড়াবে, পুনরাবৃত্ত অপরাধী ও সংঘবদ্ধ চক্রগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে এবং এমন লক্ষ্যভিত্তিক গ্রেফতারে ভূমিকা রাখবে যা বাস্তবিক প্রভাব ফেলবে। আমি গভর্নর হোকুলকে তার অবিচল সমর্থনের জন্য এবং নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেসকে তাদের অংশীদারিত্ব ও এই প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানাই।’
নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ক্যাটলিন অ্যাসরো বলেন, ‘চালকদের বীমা খরচ বাড়িয়ে দেওয়া জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গভর্নর হোকুলের লক্ষ্যকে এগিয়ে নিতে নিউ ইয়র্ক স্টেট পুলিশ এবং রাজ্যব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সাথে অংশীদার হতে পেরে ডিএফএস গর্বিত। আজকের এই প্রশিক্ষণ অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার এবং নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য বিমার প্রিমিয়াম কমানোর প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে।’
রাজ্য পুলিশ এবং ডিএফএস-এর পারস্পরিক অংশীদারিত্বের ওপর ভিত্তি করে আয়োজিত এই সিম্পোজিয়ামে আর্থিক অপরাধ ও গাড়ি বিমা জালিয়াতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল কৃত্রিমভাবে ঘটানো সাজানো গাড়ি দুর্ঘটনা, প্রতারক ঠিকাদারদের জড়িত থাকা তদন্ত এবং প্রবীণ নাগরিকদের লক্ষ্য করে চালানো প্রতারণা চক্রের বিষয়গুলো। প্রশিক্ষণ কর্মসূচিতে ডিএফএস ইনস্যুরেন্স ফ্রডস বিউরো এবং নিউ ইয়র্ক স্টেট পুলিশ বিসিআই ফাইন্যান্সিয়াল ক্রাইমস অ্যান্ড স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিমা জালিয়াতি আইন, কেস স্টাডি এবং মূল তদন্ত কৌশলের ব্যবহারিক নির্দেশনা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে নিউ ইয়র্ক স্টেট পুলিশ, স্থানীয় পুলিশ বিভাগ, শেরিপস অফিস, ইউনিভার্সিটি পুলিশ বিভাগ এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা ছিলেন।
 

শেয়ার করুন: