ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফেডারেল ফুয়েল এক্সাইজ ট্যাক্স বা জ্বালানি আবগারি শুল্ক সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে কার্নি এই পদক্ষেপের ঘোষণা দেন। তিনি জানান, আগামী সোমবার থেকে শুরু করে ৭ সেপ্টেম্বর ‘লেবার ডে’ (শ্রম দিবস) শেষ না হওয়া পর্যন্ত এই শুল্ক স্থগিত থাকবে।
লিবারেল পার্টির এই নেতা বলেন, ‘আমরা সবাই জানি যে ইরানের সাথে যুদ্ধের কারণে কানাডাসহ সারা বিশ্বে জ্বালানির দাম নাটকীয়ভাবে বেড়েছে। তাই এই স্বল্পমেয়াদী চাপ মোকাবিলায় আমরা জনগণকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি।’
কানাডায় বর্তমানে সাধারণ পেট্রোলের ওপর প্রতি লিটারে ১০ সেন্ট এবং ডিজেলের ওপর ৪ সেন্ট আবগারি শুল্ক ধার্য রয়েছে। মার্কিন মাপে যা প্রতি গ্যালন পেট্রোলের জন্য ২৮ সেন্ট এবং ডিজেলের জন্য ১১ সেন্টের সমান। কার্নি জানান, এই স্থগিতাদেশ বিমান জ্বালানির ওপর থাকা করের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
তিনি আরো বলেন, ‘স্পষ্টভাবে বলতে গেলে, জ্বালানি আবগারি শুল্কের আজকের এই হ্রাস একটি দায়িত্বশীল ও সাময়িক পদক্ষেপ। এটি একটি শক্তিশালী ও সাশ্রয়ী অর্থনীতি গড়ার লক্ষ্যের পাশাপাশি সঠিক আর্থিক ব্যবস্থাপনার সাথে সংগতিপূর্ণ। কানাডিয়ানরা যখন আর্থিক চাপের মুখে পড়ে, তখন তারা অত্যন্ত সতর্কতার সাথে নিজেদের খরচ সামলায়; তারা তাদের সরকারের কাছ থেকেও একই আচরণ প্রত্যাশা করে।’
অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই শুল্ক পুনরায় কার্যকর হবে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই কর স্থগিতের ফলে কানাডীয়রা মোট প্রায় ১৭০ কোটি মার্কিন ডলার (২ শ’ ৪০ কোটি কানাডিয়ান ডলার) সমপরিমাণ ট্যাক্স রেয়াত বা সুবিধা পাবেন।

















