ছবি: সংগৃহীত
জুলাই মাসের বেশ কয়েক দিন পুলিশি তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে বাড়িয়ে দিয়ে একটি উচ্চ-সতর্কতামূলক গ্রীষ্ম মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্ক সিটি।
এনওয়াইপিডি পুলিশ কমিশনার জেসিকা টিশ তার বিভাগের কাছে পাঠানো একটি স্মারকলিপিতে সতর্ক করেছেন যে, ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে বেশিরভাগ ইউনিফর্মধারী পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে প্রতিদিন ১২ ঘণ্টার শিফটে কাজ করতে হবে। পরিস্থিতির ওপর ভিত্তি করে এই সময়সীমা আরো বাড়তে পারে।
এনওয়াইপিডির এক মুখপাত্রের মতে, একটি ‘অভূতপূর্ব হুমকিপূর্ণ পরিস্থিতি’ এবং একই সময়ে নগরীজুড়ে বেশ কয়েকটি বড় বড় অনুষ্ঠান বা ইভেন্ট চলার কারণে এই অতিরিক্ত কর্মঘণ্টার প্রয়োজন দেখা দিয়েছে। এই ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফোর্থ অব জুলাই (যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস), এনবিএ ফাইনালস, বিশ্বকাপ এবং আমেরিকা২৫০ উৎসব।
স্মারকলিপির শুরুতে কমিশনার টিশ মেমোরিয়াল ডের সাপ্তাহিক ছুটিতে চমৎকার দায়িত্ব পালনের জন্য তার বিভাগের ভূয়সী প্রশংসা করেন এবং উল্লেখ করেন, গ্রীষ্ম শুরু হওয়ার সাথে সাথে এই ‘কাজের গতি আরও বাড়বে।’
টিশ তার স্মারকলিপিতে লিখেছেন, ‘আমরা একের পর এক বড় এবং একই সময়ে ঘটতে যাওয়া বেশ কিছু ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি, যার মধ্যে রয়েছে বিশ্বকাপ, এনবিএ ফাইনালস, সেইল ২৫০ এবং স্বভাবতই ৪ জুলাই। এর প্রতিটি ইভেন্টই বিশাল জনসমাগম, জটিল নিরাপত্তা অভিযান এবং এই বিভাগের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি করবে। আর এই সব কিছুই ঘটছে একটি চরম হুমকিপূর্ণ বা সংবেদনশীল পরিস্থিতির মধ্যে।’
‘আমাদের বিভাগের ওপর এই অভূতপূর্ব চাপের কথা বিবেচনা করে, আমরা আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বেশিরভাগ ইউনিফর্মধারী সদস্যদের জন্য ১২ ঘণ্টার শিফটে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি,’ স্মারকলিপিতে উল্লেখ করেন টিশ।
তিনি আরো জানান, জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কাছাকাছি সময়ে আরো কিছু অতিরিক্ত দিন এই শিফটের সাথে যুক্ত হতে পারে।
স্মারকলিপির শেষে টিশ তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি জানি এই সিদ্ধান্তটি আপনাদের কাছ থেকে কতটা ত্যাগ দাবি করছে এবং আমি এটিকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। প্রতিকূল বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এই বিভাগ যে কতটা সক্ষম, তা আপনারা বারবার প্রমাণ করেছেন। আপনারা সবসময় পেশাদারিত্ব, সহনশীলতা এবং এই নগরী আপনাদের কাছে কী প্রত্যাশা করে তা স্পষ্টভাবে উপলব্ধি করে সেই মুহূর্তের চ্যালেঞ্জ মোকাবিলা করেন।’

















