শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

টরন্টোতে ফোবানার ৪০তম  সম্মেলন হবে ঐতিহাসিক

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫২, ১০ এপ্রিল ২০২৬

টরন্টোতে ফোবানার ৪০তম  সম্মেলন হবে ঐতিহাসিক

ছবি - নবযুগ

কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা) সম্মেলনকে সামনে রেখে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল, বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শেফ মহল রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আয়োজক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সম্মেলনের প্রস্তুতি, লক্ষ্য ও কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ৪০তম ফোবানার চিফ প্যাট্রন ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ। 

ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারি ফিরোজ আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, ৪০তম ফোবানার আয়োজক বাংলাদেশ সোসাইটি কানাডার চিফ অ্যাডভাইজর ড. দারা আবু যুবায়ের, সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার ও খন্দকার মাসুদুর রহমান, ফোবানা স্টিয়ারিং কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন আজম, এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি শাহাব উদ্দিন সাগর, কোষাধ্যক্ষ্য কাজী ওয়াহিদ এলিন প্রমুখ। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর কানাডার টরন্টো শহরের নর্থ ইয়র্কের এগ্লিনটন ও ডনভ্যালি এলাকায় অবস্থিত ডেল্টা হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহৎ এই মিলনমেলায় যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশ থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক সংগঠক ও বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হয়।
বক্তারা জানান, এবারের সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক অনুষ্ঠান, কমিউনিটি নেতৃত্ব বিষয়ক ফোরাম ও আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রবাসী বাংলাদেশিদের সাফল্য তুলে ধরতে বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভারও আয়োজন করা হবে।
তারা আরও বলেন, ফোবানা সম্মেলন শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি ও সক্ষমতাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে বন্ধন সুদৃঢ হবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে। বক্তারা সম্মেলন সফল করতে সকল প্রবাসী বাংলাদেশিকে অংশগ্রহণের আহ্বান জানান এবং নিউইয়র্কের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হয়েছে বলেও উল্লেখ করেন। 
 

শেয়ার করুন: