ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আয়কর রিটার্ন ফরম ফর্ম ১০৪০-এ প্রথমবারের মতো করদাতার নাগরিকত্ব ও বৈধ কর্ম-অনুমতির তথ্য জানতে চাওয়া হতে পারে। অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস) প্রকাশিত ২০২৬ সালের খসড়া ফরমে একটি নতুন প্রশ্ন যুক্ত করা হয়েছে, যা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।
খসড়া ফরমে করদাতাকে জিজ্ঞাসা করা হয়েছে : ‘রিটার্ন জমা দেওয়ার সময় আপনি এবং যৌথভাবে রিটার্ন দিলে আপনার স্বামী বা স্ত্রী কি যুক্তরাষ্ট্রের নাগরিক, মার্কিন জাতীয়, অথবা যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতিপ্রাপ্ত বিদেশি?’ এই প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে দিতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের কর-সুবিধা ও ফেরত অর্থ (ট্যাক্স রিফান্ড) সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ বিবেচনা করছে।
আইআরএস বলেছে, এটি এখনো একটি খসড়া ফরম এবং চূড়ান্ত অনুমোদনের আগে এর ভাষা বা বিষয়বস্তু পরিবর্তিত হতে পারে। তবে কর ও অভিবাসন বিশেষজ্ঞদের একাংশের মতে, এই প্রশ্ন যুক্ত হলে কর ব্যবস্থা ও অভিবাসন নীতির মধ্যে নতুন ধরনের সংযোগ তৈরি হতে পারে।
সমালোচকদের দাবি, বেশির ভাগ কর-সুবিধা পাওয়ার জন্য আগেই বৈধ সামাজিক নিরাপত্তা নম্বর দরকার হয়। ফলে নতুন প্রশ্নটি কর প্রশাসনের জন্য কতটা প্রয়োজনীয়, তা স্পষ্ট নয়। তাদের আশঙ্কা, এটি কিছু অভিবাসীকে কর রিটার্ন জমা দিতে নিরুৎসাহিত করতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বৈধ নথিপত্র না থাকলেও অনেক অভিবাসী ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (আইটিআইএন) ব্যবহার করে কর পরিশোধ করেন। নতুন প্রশ্নটি চূড়ান্তভাবে গৃহীত হলে ২০২৬ করবর্ষের রিটার্ন, যা ২০২৭ সালে জমা দেওয়া হবে, সেখানেই প্রথম এর ব্যবহার দেখা যেতে পারে।

















