ছবি সংগৃহীত
নিউইয়র্কের কুইন্স এলাকার রুজভেল্ট অ্যাভিনিউয়ে ভুয়া পাসপোর্ট, গ্রিন কার্ড ও সোশ্যাল সিকিউরিটি কার্ড বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে (ডিএইচএস) আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় নাগরিক সংগঠন রিস্টোর রুজভেল্ট অ্যাভিনিউ কোয়ালিশন সোমবার ডিএইচএসের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সংগঠনের নেতা ও সাবেক অঙ্গরাজ্য সিনেটর হিরাম মনসেরাতে বলেন, রুজভেল্ট অ্যাভিনিউয়ে প্রতিদিন জাল পাসপোর্ট, গ্রিন কার্ড ও সোশ্যাল সিকিউরিটি কার্ড বিক্রি হচ্ছে। এসব নথি দেখতে সরকারি পরিচয়পত্রের মতো হওয়ায় এগুলো অন্য অপরাধে সহায়তা করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ব্যবহৃত হতে পারে এবং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করতে পারে।
সংগঠনটি ৭৬তম স্ট্রিট ও রুজভেল্ট অ্যাভিনিউ এলাকায় ভুয়া গ্রিন কার্ড বিক্রির চেষ্টার একটি ভিডিওও প্রকাশ করেছে।
মনসেরাতে বলেন, গত দুই সপ্তাহে ওই এলাকায় দুটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, যার একটিতে একজন নিহত হয়েছেন। তার অভিযোগ, বিভিন্ন গ্যাং ও মাদকচক্র জাল নথি বিক্রি, নারী পাচার এবং মাদক ছড়িয়ে দেওয়ার মতো কর্মকা- চালিয়ে যাচ্ছে।
এদিকে নিউইয়র্ক পোস্ট সম্প্রতি জানিয়েছে, চলতি বছর মেয়র জোহরান মামদানির দায়িত্ব গ্রহণের পর রুজভেল্ট অ্যাভিনিউ এলাকায় পতিতাবৃত্তি-সংক্রান্ত গ্রেফতার ৬০ শতাংশ কমে যাওয়ায় সেখানে যৌনবাণিজ্য আবারও বিস্তার লাভ করেছে।
রুজভেল্ট অ্যাভিনিউ কুইন্সের জ্যাকসন হাইটস, করোনা, এলমহার্স্ট ও উডসাইড এলাকার মধ্য দিয়ে গেছে।
ঘটনাটির বিষয়ে মন্তব্য জানতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) এবং মেয়রের দফতরের সাথে যোগাযোগ করা হয়েছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট।

















