ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বর্তমানে বাড়ি বিক্রির জন্য সবচেয়ে কঠিন অঙ্গরাজ্য হলো ফ্লোরিডা। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, একসময় আবাসন বাজারে তুমুল চাহিদার কেন্দ্র থাকা এই অঙ্গরাজ্যে এখন ক্রেতাদের চেয়ে বিক্রেতারাই বেশি চাপে আছেন।
গবেষণা অনুযায়ী, ফ্লোরিডায় বিক্রির জন্য তালিকাভুক্ত বাড়ির সংখ্যা ২ লাখ ৬ হাজারের বেশি, যা পর্যালোচনায় থাকা সব অঙ্গরাজ্যের মধ্যে সর্বোচ্চ। একটি বাড়ি বিক্রি হতে গড়ে ৭৩ দিন সময় লাগছে এবং মাত্র ১০.৯ শতাংশ বাড়ি চাহিদামূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে বাজারের নিয়ন্ত্রণ এখন মূলত ক্রেতাদের হাতে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টেক্সাস। সেখানে বিক্রির জন্য প্রায় ১ লাখ ৮০ হাজার বাড়ি রয়েছে এবং বিক্রি হতে গড়ে ৬৮ দিন লাগে। প্রায় ২৩ শতাংশ বিক্রেতাকে দাম কমাতে হয়েছে।
তৃতীয় স্থানে দক্ষিণ ক্যারোলাইনা, যেখানে বাড়ি বিক্রিতে গড়ে ৭৪ দিন সময় লাগছে। ২২ শতাংশের বেশি বিক্রেতাকে মূল্য কমাতে হয়েছে এবং মাত্র ১৩ শতাংশ বাড়ি চাহিদামূল্যের বেশি দামে বিক্রি হয়েছে।
চতুর্থ স্থানে থাকা মন্টানার বাজার সবচেয়ে ধীরগতির। সেখানে একটি বাড়ি বিক্রি হতে গড়ে ৮৫ দিন লাগে এবং তথ্য অনুযায়ী কোনো বাড়িই তালিকাভুক্ত মূল্যের বেশি দামে বিক্রি হয়নি।
পঞ্চম স্থানে রয়েছে অ্যারিজোনা। সেখানে বাড়ি বিক্রিতে গড়ে ৬৬ দিন লাগে এবং প্রায় ২১ শতাংশ বিক্রেতাকে দাম কমাতে হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের চিত্র একেবারেই ভিন্ন। সবচেয়ে বিক্রেতাবান্ধব বাজার হিসেবে শীর্ষে রয়েছে কানেকটিকাট। সেখানে ৫৫.৮ শতাংশ বাড়ি চাহিদামূল্যের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে, যা দেশসেরা হার।
রোড আইল্যান্ড দ্বিতীয় এবং নিউ জার্সি তৃতীয় বিক্রেতাবান্ধব অঙ্গরাজ্য। নিউ জার্সিতে প্রায় ৪৮ শতাংশ বাড়ি তালিকাভুক্ত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। এছাড়া ম্যাসাচুসেটস ও ইলিনয়ও বিক্রেতাদের জন্য তুলনামূলক অনুকূল বাজার হিসেবে চিহ্নিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, ফ্লোরিডা ও কয়েকটি দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যে বাড়ির সরবরাহ বেড়ে যাওয়ায় বাজার এখন ক্রেতাদের পক্ষে ঝুঁকেছে। বিপরীতে উত্তর-পূর্বাঞ্চলে সীমিত সরবরাহ ও উচ্চ চাহিদার কারণে বিক্রেতারা এখনও শক্ত অবস্থানে রয়েছেন।

















