ছবি সংগৃহীত
নিউইয়র্কের ম্যানহাটনে পার্কিং মিটারে ভুয়া কিউআর কোড স্টিকার লাগিয়ে চালকদের প্রতারণার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রসিকিউটরদের অভিযোগ, মিহাই থিওদর এনেস্কু ম্যানহাটনের ৬৪টি পার্কিং কিয়স্কে কিউআর কোড স্টিকার লাগিয়েছিলেন। এসব কোড স্ক্যান করলে ব্যবহারকারীরা শহরের অনুমোদিত পার্কিং অ্যাপ পার্কএনওয়াইসি-এর বদলে একটি ভুয়া ওয়েবসাইটে চলে যেতেন।
তদন্তকারীদের মতে, ওই ওয়েবসাইটে ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড নম্বরসহ বিভিন্ন আর্থিক তথ্য দিতে বলা হতো, যা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল অভিযুক্তের।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের জুনে। এক চালক পার্কিং মিটারে লাগানে একটি কিউআর কোড স্ক্যান করেন। কোডটি তাকে পার্কএনওয়াইসির লোগোযুক্ত একটি ওয়েবসাইটে নিয়ে যায়। কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করেও তিনি বারবার সমস্যার মুখে পড়েন।
পরে তিনি বুঝতে পারেন, আসল পার্কএনওয়াইসি স্টিকারের ওপর ভুয়া কিউআর কোড লাগানো হয়েছিল। আর্থিক ক্ষতির আগেই তিনি তার ব্যাংককে সতর্ক করেন।
এনেস্কু অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অ্যামাজনের ডেলিভারি চালক হিসেবে কাজ করেন এবং এ বিষয়ে কিছু জানেন না।
এ ঘটনায় নগর কর্তৃপক্ষ চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা পরামর্শ দিয়েছে, কিউআর কোড স্ক্যান করার পরিবর্তে সরাসরি পার্কিং মিটার ব্যবহার করা বা অফিসিয়াল পার্কএনওয়াইসি অ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধ করা নিরাপদ।

















